রিকি পন্টিংয়ের ব্যাটের কানা ছুঁয়ে দ্বিতীয় স্লিপে জ্যাক ক্যালিসের তালুতে গিয়ে জমল বল। এ যেন নিয়তিনির্ধারিত। এ সময়ের দুই গ্রেট, সর্বকালের সেরাদের সংক্ষিপ্ত তালিকাতেও ঠাঁই পাবেন। দুজনের দুটি দিন একেবারেই অন্য রকম। দলকে ৪৫০ রানের পুঁজি দিতে ১৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন ক্যালিস। আর শূন্য রানে আউট হওয়া পন্টিং দলকে ফেলে গেলেন বিপদের মুখে। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া রীতিমতো দিগ্ভ্রান্ত।সেখান থেকে দলকে টেনে তুললেন এড কাওয়ান আর অধিনায়ক মাইকেল ক্লার্ক। চতুর্থ উইকেটে এই দুজনের ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে কিছুটা হলেও স্বস্তিতে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তবে পুরো একটা দিন বৃষ্টির পেটে যাওয়ার পরও এখনো তারা ৩৩৯ রানে পিছিয়ে। পন্টিংকে ফিরিয়েছেন মরনে মরকেল। তাঁর আগের ওভারে আউট করেছেন রব কুইনিকেও। এই টেস্টে দুই অভিষিক্তের অভিজ্ঞতাই হলো তিক্ত। কুইনি করতে পেরেছেন মাত্র ৯। আর দক্ষিণ আফ্রিকান পেসার ররি ক্লেইনভেল্ট প্রথম তিন ওভারে দিয়েছেন ২৭ রান।অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়েও আরও চেপে ধরতে পারত দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ৩৭৪ থেকে শেষ ৪৫০ রানে। শেষ ৬ উইকেট পড়েছে ৭৬ রানে। জেপি ডুমিনির চোট অবশ্য ব্যাটসম্যান একজন কমিয়ে দিয়েছে তাদের। প্রথম দিনের শেষ থেকেই আবার মাঠে নামার অপেক্ষায় থাকা হাশিম আমলা আর ক্যালিসের জুটিটা অবশ্য বেশি লম্বা হতে পারেনি। চার টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পরপরই আমলা ফিরে গেছেন। যদিও রিপ্লে বলছে, আম্পায়ারের এলবিডব্লুর সিদ্ধান্তের বিরুদ্ধে রেফারেল চাইলে হয়তো বেঁচেও যেতে পারতেন।আমলা না থাকলেও ক্যালিস ছিলেন। সেঞ্চুরিতেই থামেননি তিনি, করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৭। রেকর্ড ৫১ সেঞ্চুরির মালিক টেন্ডুলকারের সঙ্গে দূরত্বটাও নেমে এল সাতে।এই দুজনের বিদায়ের পর থিতু হয়েও ইনিংসটাকে বড় করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক রুডলফ। অবশ্য ব্রিসবেনে নিজেদের সর্বোচ্চ, সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় নিজেদের অষ্টম সর্বোচ্চ স্কোর পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম ওভারেই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়ে বল হাতেও ভালো শুরু করেন ডেল স্টেইন। এর পর তো মরকেলের সেই জোড়া আঘাত। ১৬.৩ ওভার স্থায়ী ক্লার্ক-কাওয়ান জুটিটা অবশ্য ওভারে ৪.৩০ রান তুলে দিচ্ছে পাল্টা-আক্রমণেরই আভাস। ওয়েবসাইট।