ক্যালিস পারবেন ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গার্ড অব অনার পেলেন ক্যালিস।ছবি: ওয়েবসাইট।
ভারতের গার্ড অব অনার পেলেন ক্যালিস।ছবি: ওয়েবসাইট।

ইদানিং সেই ক্যালিসকে চেনাই যাচ্ছিল না! সর্বশেষ ১৬ ইনিংসে মাত্র তিনটি ফিফটি। গত চার ইনিংসেই দু’বার আউট হয়েছেন শূন্য রানে। সর্বশেষ টেস্টেও ছিলেন দারুণ ব্যর্থ (০ ও ৩৪)! সরে যাওয়ার সময় যে এসে গেছে, ক্যালিস সেটা বুঝতে পারছিলেন ঠিকই। সে তাড়নায় কিনা বিনা মেঘে বজ্রপাতের মতো বলে দিলেন—বিদায় টেস্ট ক্রিকেট! কিন্তু কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে! প্রবাদ সত্য করতেই কিনা বিদায় টেস্টে নিজের জাত চেনাতে শুরু করলেন ক্যালিস?
দ্বিতীয় দিন থেকেই বোঝা যাচ্ছে, ডারবান টেস্টের ফল নিজেদের পক্ষে নিতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। গতকাল স্টেইন গানে ঝাঁজরা হলো ভারতের ব্যাটিং লাইন-আপ!
ব্যাট হাতেও ভারতকে কম ভোগাচ্ছে প্রোটিয়ারা! দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটটি পেতে ভারতের লেগেছে ২৭.১ ওভার। ৩৯তম টেস্ট অর্ধশতক থেকে ৩ রান দূর থেকে জাদেজার বলে গ্রায়েম স্মিথ ফিরে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৩। স্মিথ ‘মিস’ করলেও পিটারসেন হাতছাড়া করেননি নিজের সপ্তম অর্ধশতক তুলে নিতে! জাদেজার বলে আউট হওয়ার আগে তাঁর সংগ্রহ ৬২। এরপর হামলা মাত্র ৩ রানে ফিরে যাওয়ার পর সাময়িক চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।
এরপর মাঠে নামেন ক্যালিস। মাঠে নেমেই পেলেন প্রতিপক্ষের ‘গার্ড অব অনার’। দলকে বহুবার সংকটময় মুহূর্তে
একাই টেনে নিয়েছেন যিনি, তিনি কেন আজ হাল ছাড়বেন? ক্যালিস যে বিরল প্রজাতির ধ্রুপদি খেলোয়াড়! দাঁড়িয়ে গেলেন উইকেটে। স্ট্রোকের পসরা সাজিয়ে তুলে নিলেন ৫৯তম অর্ধশতক।

দৃষ্টিনন্দন শট খেলে ‘সম্মানে’র যথাযথ মূল্যও দিলেন! ছবি: রয়টার্স ও ওয়েবসাইট।
দৃষ্টিনন্দন শট খেলে ‘সম্মানে’র যথাযথ মূল্যও দিলেন! ছবি: রয়টার্স ও ওয়েবসাইট।

ক্যালিসের সমর্থন পেয়ে ভিলিয়ার্সও এগিয়ে গেলেন তরতরিয়ে। ৭৪ রানে ভিলিয়ার্স ও ২৮ রানে ডুমিনি ফিরে গেলেও অবিচল চিত্তে লড়ে যাচ্ছেন ক্যালিস। অপরাজিত রয়েছেন ৭৮ রান। যদি একে শতকে পূরণ করতে পারেন, নি:সন্দেহে রেকর্ড বইয়ে ঠাঁই নেবেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। তবে বিদায় টেস্টে শতক হাঁকানো ব্যাটসম্যানের সংখ্যা নেহাত কম নয়। তবুও আরাধ্য সেঞ্চুরি পেলে সেটির মূল্য কিছুতেই কম নয়!
আলোকস্বল্পতায় বন্ধ হওয়ার আগে তৃতীয় দিনে খেলা হয়েছে ৮৪.৫ ওভার। এ দিন দক্ষিণ আফ্রিকা তুলেছে ২১৭ রান। খুইয়েছে ৫ উইকেট। ভারতের প্রথম ইনিংস থেকে ৩৫ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা। আদতে ক্যালিসের ওপরই নির্ভর করছে চতুর্থ দিনের দক্ষিণ আফ্রিকার ইনিংসের ভবিষ্যত। কথা হলো, ক্যালিস পারবেন ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে?