ক্যালিস পারেননি, আমলা পেরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমন জেসন গিলেস্পিরও একটি ডাবল সেঞ্চুরি আছে!’ ম্যাচের প্রথম দিন বলছিলেন ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যান। প্রসঙ্গ জ্যাক ক্যালিসের ডাবল সেঞ্চুরি না পাওয়া। সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় তাঁর নাম তিনে, এগিয়ে যাচ্ছেন ১১ হাজার রানের দিকে। নিখুঁত টেকনিক, দীর্ঘক্ষণ উইকেটে থাকতে পারেন, সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। অথচ ডাবল সেঞ্চুরি কেন পাচ্ছেন না, ক্রিকেটের অদ্ভুত রহস্যগুলোর একটি অন্তত আরও কিছুদিন অমীমাংসিত থেকে যাচ্ছে। এই নিয়ে ১১ বার আগের দিনের সেঞ্চুরি নিয়ে দিন শুরু করেও দুই শর দেখা পেলেন না ক্যালিস!ক্যালিস ৩৪ সেঞ্চুরিতেও যা পারেননি, অষ্টম সেঞ্চুরিকেই সেই রূপ দিয়ে ফেলেছেন হাশিম আমলা। এগিয়ে যাচ্ছিলেন আড়াই শ পেরিয়ে। আর কতদূর যেতে পারতেন তা দেখা হলো না গ্রায়েম স্মিথ ইনিংস ঘোষণা করায়। তবে তাঁর ২৫৩ ভারতের মাটিতে কোনো দক্ষিণ আফ্রিকানের বৃহত্তম ইনিংস। আমলার রেকর্ডে রেকর্ড গড়েছে তাঁর দলও। ৬ উইকেটে ৫৫৮ ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় স্কোর। শেষ বিকেলে ৪ ওভারেই ২৫ রান তুলে নিয়েছেন ভারতের দুই ওপেনার।দক্ষিণ আফ্রিকার ইনিংস আর ভারতের শুরুটা দেখে মনে হতে পারে উইকেট বুঝি ব্যাটিং-স্বর্গ। আদতে মোটেই তা নয়, যথেষ্টই সাহায্য পেয়েছেন হরভজন-মিশ্ররা। এখানেই আরও বেড়ে যাচ্ছে আমলার কৃতিত্ব, পঞ্চম ওভারে নেমেছিলেন ব্যাটিংয়ে, আরও ১৭১ ওভার খেলেও আউট হননি। মনোযোগ হারিয়েছিলেন কেবল মিনিটখানেকের জন্য, ১৪৯ রানে হরভজনের টানা দুই বলে ফরোয়ার্ড শর্টলেগ ও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বেঁচে গেছেন। এর পর আবার মনঃসংযোগের প্রতিমূর্তি। ১৯৯ রানের মাথায় রান পাননি টানা ৮ বল, পরে শেবাগকে ডাউন দ্য উইকেটে চার মেরে ছুঁয়েছেন কাঙ্ক্ষিত দ্বিশতক।ক্যালিসের সঙ্গে ৩৪০ রানের জুটি ভাঙার পর চতুর্থ উইকেটে ডি ভিলিয়ার্সের সঙ্গে আমলা গড়েছেন ১০৮ রানের জুটি।