ক্যালিস বিশ্রামে, ফিরেছেন ইমরান তাহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে অপরাজিত ১৮২ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার বিশাল ব্যবধানে জয়ের অন্যতম নায়ক ছিলেন জ্যাক ক্যালিস। তবে এবার ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হচ্ছে এ সময়ের সেরা এই অলরাউন্ডারকে। অন্যদিকে দীর্ঘদিন পরে আবার ওয়ানডে দলে ফিরেছেন লেগস্পিনার ইমরান তাহির।আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান খেলোয়াড় জ্যাক ক্যালিস। তাই সে সময় যেন পুরো সামর্থ্য নিয়ে মাঠে নামতে পারেন, সে কথা মাথায় রেখেই ৩৬ বছর বয়সী ক্যালিসকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন নবাগত ডিন এলগার। অন্যদিকে দীর্ঘদিন পরে আবার দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরেছেন ইমরান তাহির। গত বছরের মার্চে শেষবারের মতো এক দিনের ক্রিকেটে দেখা গিয়েছিল এই লেগস্পিনারকে। তাঁর সঙ্গে অলরাউন্ডার রায়ান মাকলারেনও সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে। এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির আহ্বায়ক অ্যান্ড্রু হাডসন বলেছেন, ‘ইমরান একজন প্রকৃত উইকেট-শিকারী বোলার। তার অন্তর্ভুক্তির ফলে আমরা ওয়ানডেতেও নতুন কোনো সম্ভাবনা যাচাই করার সুযোগ পাব।’ আর সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখানোর স্বীকৃতি হিসেবে দলে সুযোগ পেয়েছেন রায়ান মাকলারেন।আরও দুইটি টেস্টের পর আগস্টের শেষ সপ্তাহ থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, জেপি ডুমিনি. ডু প্লেসিস, ডিন এলগার, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, অ্যালবি মরকেল, মরনে মরকেল, জাস্টিন অনটোঙ, ওয়েন প্রানেল, রবিন পিটারসন, গ্রায়েম স্মিথ, ডেল স্টেইন, লনওয়াবো ততসোবে।