ক্যালিস-বীরত্বের আরেক অধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ব্যাট দিয়ে খেলছেন, তাতে আঁকা প্রকাণ্ড একটা বাঘের ছবি। শিকারির ওপর হামলে পড়তে উদ্যত, লাফিয়ে ওঠা সবুজ একটা চিতাবাঘ।সত্যিকারের বাঘ তো জ্যাক ক্যালিসই! প্রথম ইনিংসের লড়াকু ব্যাটিংয়েই অনেক ধকল গেছে। ব্যথা নিয়েও প্রথম ইনিংস খেলে গেছেন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগ পর্যন্ত। বল হাতে নিতে পারেননি। বিশ্রামে ছিলেন। কথা ছিল, দলের জরুরি প্রয়োজন দেখা না দিলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করবেন না। কিন্তু সেই জরুরি প্রয়োজনটা যে শেষ পর্যন্ত দেখাই দিল।আর ক্যালিসও দাঁত চেপে ব্যথা অগ্রাহ্য করে খেলে গেলেন আরেকটি লড়াকু ইনিংস। আর তাতেই লেখা হলো ইতিহাস। প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে ম্যাচে জোড়া সেঞ্চুরি করার জোড়া কীর্তি গড়লেন। দিনের শুরুতে কোণঠাসা দক্ষিণ আফ্রিকাই কেপটাউন টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের সামনে দিল ৩৪০ রানের কঠিন এক লক্ষ্য। দক্ষিণ আফ্রিকা ৩৪১ রানে অলআউট হলেও প্রথম ইনিংসে ১৬১ করা ক্যালিস শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন ১০৯ রানে।পরশু শেষ বিকেলে ২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। কাল দিনের শুরুতে ১২ রানের ব্যবধানে হারাল আরও দুই উইকেট। ঘাতক সেই হরভজন। দিনের প্রথম চার ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৪/৪! চার ব্যাটসম্যানই হরভজনের শিকার। পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল জহিরের বলে ডি ভিলিয়ার্স বোল্ড হয়ে গেলে। ৯৮ রানে ৫ উইকেট নেই! ভারত পাচ্ছে দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জয়ের সুবাস!ততক্ষণে লড়াই শুরু করে দিয়েছেন ক্যালিস। ডি ভিলিয়ার্সের মতো অ্যাশওয়েল প্রিন্সকে নিয়েও ত্রিশের মতো একটা জুটি গড়েছিলেন। কিন্তু প্রিন্সও বেশিক্ষণ সঙ্গ দিতে রাজি হলেন না। ক্যাচ দিলেন পয়েন্টে। দক্ষিণ আফ্রিকার লিড মাত্র ১২৮ রানের, হাতে ৪ উইকেট। ক্যালিস বাদে ভরসা করার মতো ব্যাটসম্যান কেবল বাউচার।বাউচারকে নিয়েই শুরু হলো ক্যালিসের প্রতিরোধ। সেটা পরে রূপ নিল পাল্টা আক্রমণে। সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি। উইকেটের ফাটল, অস্বাভাবিক বাউন্স সব মনে হচ্ছিল তুচ্ছ। ব্রেক থ্রু খুঁজতে অবশেষে টেন্ডুলকারের দ্বারস্থ ধোনি। টেন্ডুলকারও তাঁর দ্বিতীয় ওভারের প্রথম বলে ফেরালেন বাউচারকে। বাউচার অবশ্য ততক্ষণে ফিফটি তুলে নিয়েছেন।ক্যালিস এরপর জুটি গড়েন স্টেইনের সঙ্গে। দেখতে দেখতে এই জুটি তুলে ফেলে ৫৪ রান। স্টেইন, মরকেল, সতসোবেকে তুলে নিয়ে সপ্তমবারের মতো ইনিংসে সাত উইকেট নিয়ে মাঠ ছাড়েন হরভজন। কিন্তু তাঁর মুখে নয়, সাজঘরে ফেরার সময় হাসি ছিল ক্যালিসের মুখেই। সূত্র: টেন ক্রিকেট।