ক্যালিস-সাকিবকে ছাপিয়ে অশ্বিন

আসলে সাকিব আল হাসান তো প্রায় অসাধ্যই সাধন করেছিলেন।
টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থানটা নিয়ে কেউ জ্যাক ক্যালিসকে চ্যালেঞ্জ জানাতে পারেন—একসময় এই চিন্তাটাই হয়তো কারও মাথায় আসত না। কীভাবে আসবে? একজন ক্রিকেটার যদি প্রায় ১০ বছর ধরে এক নম্বর স্থানটা ধরে রাখেন তখন তো সেটাই নিয়ম হয়ে যাওয়ার কথা!
সেই ক্যালিসকে সরিয়ে শীর্ষে উঠে সবাইকে চমকে দিয়েছিলেন সাকিব। তারপর বছর দুয়েক ধরে এই জায়গাটা নিয়ে এই দুজনের মধ্যে জমজমাট লড়াই চলেছে। কখনো সাকিব, কখনো ক্যালিস। গত মাসে আবারও সেরার জায়গাটা ফিরে পেয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া ইডেন টেস্টের পর সাকিব-ক্যালিস দুজনকেই চমকে দিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার হয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। দুইয়ে সাকিব, তিনে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার! তবে কি ক্যালিস-সাকিবের দ্বৈরথে যোগ হলো নতুন কোনো নাম? শীর্ষের লড়াইটা এবার থেকে তিনজনের?
দুই নম্বরের নামগুলো বদল হয়েছে অনেকবার। কিন্তু ৩ হাজার ৬৯৬ দিন টেস্ট ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডারের পাশে একটাই নাম দেখেছেন ক্রিকেটানুরাগীরা। জ্যাক ক্যালিস। সেই নামটা সরিয়ে ২০১১ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডারের জায়গাটা নিজের করে নিয়েছিলেন সাকিব। ওয়ানডেতে তারও বছর তিনেক আগে থেকেই (২০০৯ সালের জানুয়ারি) সাকিব সেরা অলরাউন্ডার। কিন্তু টেস্টে ক্যালিসের রাজ্যে হানা দেওয়া কিছুটা কঠিনই ছিল বাংলাদেশি অলরাউন্ডারের জন্য। খুব বেশি টেস্ট খেলার সুযোগই তো পায় না বাংলাদেশ! যে কয়টা পাওয়া যায় তাতে অসাধারণ কিছু করতে পারলে তবেই না বাড়ে রেটিং পয়েন্ট। ২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৫০ রান (১৪৪, ৬) ও ৭ উইকেট (৬, ১) একলাফে চার ধাপ পেরিয়ে সাকিবকে নিয়ে গিয়েছিল এক নম্বরে। জায়গাটা ধরে রেখেছিলেন প্রায় ৮ মাস। পরের বছর জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে দারুণ পারফরম্যান্সের (১৮২ রান, ২ উইকেট) স্বীকৃতি হিসেবে আবার শীর্ষস্থান ফিরে পান ক্যালিস। তবে গত মাসে আবার তাঁকে সরিয়ে জায়গাটা নিজের করে নেন সাকিব। সেটা অবশ্য যতটা না সাকিবের পারফরম্যান্সের কারণে, তার চেয়ে বেশি ক্যালিসের ব্যর্থতায়। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ব্যাট হাতে সাকিব করেছিলেন ১৯ ও অপরাজিত ৫০, বল হাতে ২ উইকেট। একই সময়ে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ক্যালিসের উইকেট নেই একটিও, ব্যাট হাতে দুই ইনিংসে ৫ ও ০। সাকিবের চেয়ে রেটিং পয়েন্ট বেশি কমে যাওয়াতেই দুইয়ে নেমে গিয়েছিলেন ক্যালিস। ওই র্যাঙ্কিংয়েই সাকিব (৩৪৯) ও ক্যালিসের (৩৪৭) চেয়ে রেটিং পয়েন্টে বেশ খানিকটা পিছিয়ে তিন নম্বরে ছিলেন অশ্বিন (৩২১)। কিন্তু ইডেন টেস্টে ভারতীয় অলরাউন্ডারের ১২৪ রান ও দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট বদলে দিয়েছে হিসাবটা। মোট ৪০৫ রেটিং পয়েট নিয়ে একলাফে তিন থেকে একে উঠে গেছেন অশ্বিন।
মূল পরিচয়টা স্পিনার হিসেবে হলেও টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে পরিসংখ্যান মন্দ নয় অশ্বিনের। ১৭ টেস্টে ৭৪০ রান, গড়টা (৪১.১১) যেকোনো স্বীকৃত ব্যাটসম্যানের সঙ্গে পাল্লা দেওয়ার মতো। আর ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলে যে বল হাতে সেটা পুষিয়ে দিতে পারেন, তা তো এ বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজেই দেখিয়েছেন। চার টেস্টে ২৯ উইকেট তাঁকে এনে দিয়েছিল সিরিজ-সেরার পুরস্কার।
তবে সেটা ছিল বোলার অশ্বিনের স্বীকৃতি। ইডেন টেস্ট আর সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ের পর এখন আর তাঁকে পুরোদস্তুর অলরাউন্ডার বলতে দ্বিধা করবেন না কেউ। সাকিব-ক্যালিসরাও না।