ক্যালিসদের সান্ত্বনার জয়
জিতেও ঠিক সন্তুষ্ট নন জ্যাক ক্যালিস, আহমেদাবাদে ৯০ রানের জয়টি যে কেবলই সান্ত্বনার। প্রথম দুই ম্যাচেই তো সিরিজ খুইয়েছে তাঁর দল। সিরিজ জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ের দু নম্বর জায়গাটাও ধরে রাখা গেছে, টেন্ডুলকার-শেবাগ-গম্ভীরদের ছাড়াই শেষ ম্যাচে ২৭৫ রান, হেরেও তাই খুব একটা অখুশি নন মহেন্দ্র সিং ধোনি।সরদার প্যাটেল স্টেডিয়ামে গত পরশু টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে করে ২ উইকেটে ৩৬৫, ভারতের বিপক্ষে তাদের সর্বোচ্চ। অধিনায়ক ক্যালিস করেন ৯৪ বলে অপরাজিত ১০৪, ৫৮ বলে সেঞ্চুরি করা এবি ডি ভিলিয়ার্স ৫৯ বলে ১০২। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ১৭৩ রানের জুটি আসে মাত্র ১০৩ বলে। দুজনের তাণ্ডবে শেষ ১০ ওভারে আসে ১২২ রান। উদ্বোধনী জুটিতে ১১৩ রান তুলে ভিতটা গড়ে দিয়েছিলেন হাশিম আমলা (৮৭) ও লুটস বসম্যান (৪৬ বলে ৬৮)। ভারত অলআউট হয় ২৭৫ রানে। সিরিজের সেরা হয়ে ভলবো গাড়ী জিতেছেন শচীন টেন্ডুলকার। রেকর্ড এখানেও, এই নিয়ে ১৫ বার হলেন সিরিজ-সেরা।টেস্ট সিরিজে এগিয়ে থেকেও ড্র করার পর ওয়ানডে সিরিজ হেরে ক্যালিস সান্ত্বনা খুঁজছেন অভিজ্ঞতায়, ‘আমরা জানি, যেমন খেলেছি ততটা বাজে দল আমরা নই। এর আগে এই দলের খুব কম জনই উপমহাদেশে এসেছে। এই সফর থেকে আমাদের প্রাপ্তিও তাই কম নয়, অভিজ্ঞতা যতটুকু হলো তা কাজে লাগাতে পারলে ক্রিকেটার হিসেবে আমরা আরও ভালো হতে পারব।’ দলের ফিল্ডিংয়ে খুশি হলেও সেরা বোলারদের না পাওয়ায় ধোনির কণ্ঠে ছিল আক্ষেপ, ‘যে তিনজন পেসারকে আমরা খেলিয়েছি, তাদের কেউই বলের গতি পরিবর্তনে ঠিক পারদর্শী নয়। জহির-নেহরাদের মতো কেউ থাকলে পরিস্থিতি অবশ্যই অন্য রকম হতো।’ ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৬৫/২ (ক্যালিস ১০৪*, ডি ভিলিয়ার্স ১০২*, আমলা ৮৭, বসম্যান ৬৪; জাদেজা ১/৫৩, পাঠান ১/৬৬), ভারত: ৪৪.৩ ওভারে ২৭৫ (কোহলি ৫৭, রায়না ৪৯, রোহিত ৪৮, জাদেজা ৩৬; স্টেইন ৩/৩৭, তোসোতোবে ৩/৫৮, মারউই ২/৩৭, বোথা ২/৮০)।