ক্যালিসের আবেগময় সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাজিত থেকে দিন শেষ করেছেন তো কতবারই। প্রতিবারই নিশ্চয়ই রাতে ঘুমিয়েছেন চোখে-মনে সেঞ্চুরির স্বপ্ন এঁকে। সেই স্বপ্ন নিয়েই ঘুম ভেঙেছে। তবু জ্যাক ক্যালিসের কাছে পরশুর সকাল আর আগের রাতটি একেবারেই অন্য রকম ছিল। চেনা অনুভূতিই ধরা পড়েছে নতুন রূপে। ক্যালিস জানতেন, সাদা পোশাকে সেঞ্চুরির স্বপ্ন নিয়ে ঘুমোতে যাওয়া আর জেগে ওঠা এই শেষবার!
কেমন ছিল সেই অনুভূতি? কাছ থেকে দেখে সতীর্থ রবিন পিটারসনের উপলব্ধি, ‘জ্যাক পোকার খেলায় দুর্দান্ত, ঝানু পোকারুর মতোই নির্লিপ্ত ওর চেহারা। মনের ভেতর কী চলছে, বোঝার উপায় নেই। রাতের কথা বলতে পারব না, তবে আমি নিশ্চিত নব্বইয়ে ও একটু নার্ভাস হয়ে গিয়েছিল।’
ভেতরের কথা জানিয়েছেন ক্যালিস নিজেই, ‘অনুভূতিটা সত্যিই বিশেষ কিছু...কিছুটা অদ্ভুতও। ব্যাট করতে নামার সময় মনে হলো, আজকের পর আগামীকাল বলে আর কিছু নেই, দেশের হয়ে টেস্ট সেঞ্চুরি করার শেষ সুযোগ এটিই!’
পরশুর আগে টেস্টে ৪৯ বার পা রেখেছেন নড়বড়ে নব্বইয়ে, ৪৪ বারই পেয়েছেন সেঞ্চুরি। কিন্তু শেষবার বলেই হয়তো পরশু সত্যি খানিকটা নার্ভাস হয়ে পড়েছিলেন ক্যালিস। ব্যাটিংয়ে সেটা যেমন ফুটে উঠেছে, তেমনি স্বীকারও করেছেন অকপটে, ‘নব্বইয়ে চাপ থাকে সব সময়ই। তবে এবারের চাপ ছিল একটু অন্য রকম। শেষবারের মতো নব্বইয়ে...এবার অনুভূতি ছিল একটু আলাদা।’
বোঝাই যাচ্ছে, শেষ সেঞ্চুরিটির সঙ্গে ক্যালিসের মিশে থাকছে অনেক আবেগ। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের সেঞ্চুরি আবেগময় করে তুলেছিল সতীর্থদেরও। পিটারসনই জানালেন, দিনের শুরু থেকেই ক্যালিসের রান গোনা চলছিল ড্রেসিংরুমে। ড্রেসিংরুমে সামনের সারিতে বসা নিয়ে ছিল প্রতিযোগিতা, সবার চোখ ছিল ২২ গজে। একটি বল, একটি শটও মিস করতে চাননি কেউ। কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি আসতেই সবাই অভিনন্দনে সিক্ত করেছেন মহানায়ককে। আউট হয়ে ফেরার সময় সবার আগে ছুটে নিচে চলে যান অধিনায়ক গ্রায়েম স্মিথ। জড়িয়ে ধরে চুমু খান তাঁর কপালে। অধিনায়ককে অনুসরণ করে এগিয়ে যান অন্যরাও।
সেই আবেগময় সময়টার কথা শোনালেন পিটারসন, ‘সবাইকেই আবেগ ছুঁয়ে গিয়েছিল প্রবলভাবে। এগিয়ে গিয়ে বরণ করে আনল ওকে। সবার জন্যই ছিল আবেগময় মুহূর্ত, বিশেষ করে দীর্ঘ সময় ওর সঙ্গে খেলেছে যারা। অলরাউন্ডার হিসেবে মানদণ্ডটা অনেক উঁচুতে নিয়ে গেছে জ্যাক। শেষটাও হলো দুর্দান্ত।’
নিজের সেঞ্চুরির সঙ্গে দলের ম্যাচ ও সিরিজ জয়—শেষটা যেন তাঁর ক্যারিয়ারেরই প্রতীকী। জ্যাক ক্যালিস যে সত্যিকারের এক বিজয়ীর নাম! ওয়েবসাইট।