ক্যালিসের ইংল্যান্ড-রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলাটা তাঁর কুশীলবদের নিয়ে মাঝেমধ্যে এমন সব রহস্য করে, যেগুলোর কূলকিনারা পাওয়া মুশকিল। স্পিনের বিপক্ষে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন মনে করা হয় ব্রায়ান লারাকে। অথচ ক্যারিয়ারে সবচেয়ে বাজে রেকর্ড তাঁর ভারতের বিপক্ষে (১৭ টেস্টে গড় ৩৪.৫৫)! দৃঢ় মানসিকতার জন্য যাঁর নাম ছিল ‘আইসম্যান’, সেই স্টিভ ওয়াহর চতুর্থ ইনিংসে ব্যাটিং-গড় ২৫.৫৪। প্রশ্নবিদ্ধ স্টান্স ও ব্যাটিং-গড় নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬টি টেস্ট সেঞ্চুরি করে ফেলেন ইজাজ আহমেদ, ফাস্ট বোলিংয়ের বিপক্ষে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো সেঞ্চুরি পাননি ইনজামাম-উল হক। টেস্টে সবচেয়ে বেশিবার বোল্ড হওয়ার রেকর্ড নিখুঁত টেকনিকের রাহুল দ্রাবিড়ের।এমনই এক রহস্য জ্যাক ক্যালিস। ইংল্যান্ডের সিমিং-সুইঙ্গিং কন্ডিশনে নিশ্চিন্তে আস্থা রাখা যায়, এমন ব্যাটসম্যানদের তালিকা করলে অবশ্যই মনে পড়বে ক্যালিসের কথা। দ্রাবিড়ের মতো তাঁর টেকনিকও বিশুদ্ধতার প্রতীক। বিভিন্ন কন্ডিশন, নানা বোলিং আক্রমণের বিপক্ষে বছরের পর বছর ধরে উত্তীর্ণ। বিস্ময়কর হলেও সত্যি, অসাধারণ ক্যালিস ইংল্যান্ডের মাটিতে খুবই সাধারণ! ইংল্যান্ডে তাঁর ব্যাটিং-গড় (২৯.৩০) ক্যারিয়ার-গড়ের (৫৬.৭৮) প্রায় অর্ধেক। ৪২ টেস্ট সেঞ্চুরির মাত্র একটি ইংল্যান্ডের মাটিতে, সেটিও ১৪ বছর আগে ইংল্যান্ডে তাঁর প্রথম সফরে। ফিফটিও আর মাত্র তিনটি, ২০ ইনিংসে ১১ বার ১৫-ই ছুঁতে পারেননি! ইংল্যান্ডে ক্যালিসের ব্যর্থতা হয়তো আধুনিক ক্রিকেটেরই সবচেয়ে বড় রহস্যগুলোর একটি! এ নিয়ে গবেষণা হতে পারে। তবে কোনো ফল পাওয়ার সম্ভাবনা কমই। ক্যালিস নিজেও যে কোনো উত্তর জানেন না! তবে এটা নিয়ে খুব একটা ভাবনাও নাকি নেই এই অলরাউন্ডারের, ‘আমি বলতে পারব না কেন ইংল্যান্ডে রান পাইনি, আমি জানি না। তবে আগে কী হয়েছে এসব নিয়ে ভাবি না। আগের ইনিংস বা সফরে ভালো করার মূল্য খুব সামান্যই। নতুন সফর বা ইনিংসে শুরু করতে হয় শূন্য থেকেই। ফর্মুলা ওয়ানের মতো পোল পজিশনের কোনো ব্যাপার ক্রিকেটে নেই। সফরটায় দারুণ কিছু করতে পারলে ভালো লাগবে, তবে আমি খারাপ করেও যদি দল জেতে, খুশি হব।’আরও একটা রহস্যের জট মাত্রই কিছুদিন আগে খুলেছেন ক্যালিস। প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি পেয়েছেন ১৪৩তম টেস্টে এসে! মুখে যতই বলুন ভাবনা নেই, এবার ইংল্যান্ড-রহস্যের জটটাও নিশ্চয়ই খুলতে চাইবেন এই আধুনিক গ্রেট! ওয়েবসাইট।