ক্যালিসের টেন্ডুলকার-ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক চিত্রনাট্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই শেষ টানার কথা ছিল শচীন টেন্ডুলকারের। কিন্তু সেটি বদলে টেন্ডুলকার সাবেক হয়ে গেছেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে। আগামী মাসে ভারত দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে টেন্ডুলকারকে ছাড়াই। সিরিজে কী টেন্ডুলকারের অভাব অনুভূত হবে না? অন্যদের কথা পরে, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসই বলেছেন টেন্ডুলকারের শূন্যতা অনুভব করবেন তিনি।
গত এক দশকেরও বেশি সময় ধরে ক্যালিস মাঠে অন্যতম প্রতিদ্বন্দ্বী আর বাইরে খুব ভালো বন্ধু ছিলেন টেন্ডুলকারের। বন্ধুর বিদায় ছুঁয়ে গেছে তাঁকেও। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে ক্যালিস জানালেন সেই কথাই, ‘খেলাটিতে অসাধারণ ও লম্বা একটা ইনিংস ছিল শচীনের। কিন্তু দুর্ভাগ্যবশত এটা জীবনেরই অংশ। আমরা তাকে খুব মিস করব। সত্যি বলতে, নিজেদের মাঠে শচীনবিহীন ভারতের বিপক্ষে খেলার অনুভূতিটা হবে অদ্ভুত।’
ক্যালিসের বিশ্বাস, টেন্ডুলকারের অনুপস্থিতি সিরিজে প্রভাব ফেলবে, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নিয়ে আসত শচীন। তার অনুপস্থিতি ভারত নিশ্চিতভাবেই মিস করবে।’
৩৮ বছর বয়সী ক্যালিস আর ৭টি হলেই টেস্ট সেঞ্চুরির সংখ্যায় ছুঁয়ে ফেলবেন টেন্ডুলকারকে। এই তাড়নাই কি এখনো অবসরের ভাবনা ভাবতে দিচ্ছে না ক্যালিসকে? মোটেই তা নয়। ক্যালিসের কথা, ‘এটা আমার মাথায় নেই এবং নিশ্চিতভাবেই বলতে পারি আমার এখনো খেলে যাওয়ার কারণ ওটা নয়। যত দিন আমি উপভোগ করব এবং দলের জয়ে অবদান রাখতে পারব, তত দিনই আমি খেলাটা চালিয়ে যাব।’ ওয়েবসাইট।