ক্যালিসের প্রশংসায় টেন্ডুলকার-কপিল
ক্রিকেটকে বিদায় বলেছেন মাস দেড়েক আগে। অবসর জীবনের স্বাদ একটু হলেও পেয়ে গেছেন শচীন টেন্ডুলকার। সেই অভিজ্ঞতা থেকেই জ্যাক ক্যালিসকে আশ্বাস দিচ্ছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস—লম্বা ক্যারিয়ারের পর হঠাৎ অবসরে ভয় পাওয়ার কিছু নেই। অবসর জীবন নাকি মন্দ নয়! একই সঙ্গে একসময়ের প্রতিপক্ষের প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন টেন্ডুলকার।
টেস্ট থেকে অবসর নেওয়া ক্যালিস ওয়ানডে খেলে যাবেন। তাই ব্যাট হাতে হয়তো আরও কিছুদিন দেখা যাবে ক্যালিসকে। তবে টেস্টের সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্তটা খুব সহজ ছিল না, সেটি বলছেন ক্যালিস নিজেও। প্রায় দেড় যুগ ধরে টেস্ট ক্রিকেটে ব্যস্ত জীবন কাটিয়েছেন, সেই ব্যস্ত জীবন থেকে এখন ফুরসত মিলছে। পরিবারকে সময় দেবেন, নিজের মতো করে সময় কাটাবেন হয়তো। তবে এটাও ঠিক, অবসর-পরবর্তী জীবন নিয়ে অনেকেই ভয়ে থাকেন!
ক্যালিসকে যাতে সেই ভয় তাড়া না করে, সেটি চান টেন্ডুলকার। টুইটারে টেন্ডুলকার লিখেছেন, ‘ক্যালিস, অসাধারণ ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। সত্যিকারের ক্রীড়াবিদের মানসিকতায় খেলেছ তুমি। তোমার বিপক্ষে খেলাটাও ছিল দারুণ আনন্দের। তুমি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। তবে অবসর জীবনও খুব একটা মন্দ নয়।’
ক্যালিসের উচ্ছ্বসিত প্রশংসা ঝরল একসময়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার কপিল দেবের কণ্ঠেও। একেবারে সত্যিটাও সামনে তুলে আনলেন কপিল, ‘একবার ওর পরিসংখ্যানের দিকে তাকান। টেস্টে ১৩ হাজারের বেশি রান, ওয়ানডেতে ১১ হাজারের বেশি। দুই ধরনের ক্রিকেটেই ৩০০-র মতো উইকেট, টেস্টে ২০০ ক্যাচ, ওয়ানডেতে ১০০-র বেশি। রাহুল দ্রাবিড়ের মতো ক্যালিসও আসলে ওর প্রাপ্য সম্মানটুকু পায়নি।’
সাবেক ভারতীয় অধিনায়ক এখানেই থামছেন না। ক্যালিসের জন্য তাঁর অনেক আফসোসও, ‘ক্যালিস আমাদের সময় খেললে কী দারুণ-ই না লাগত। ওর বিপক্ষে খেলা হতো দারুণ আনন্দের।’ ওয়েবসাইট।
কার কীভাবে শেষ
রাহুল দ্রাবিড়
১ ও ২৫ রান
শচীন টেন্ডুলকার
৭৪
মাইক হাসি
২৫ ও ২৭*
রিকি পন্টিং
৪ ও ৮
ব্রায়ান লারা
০ ও ৪৯
ডন ব্র্যাডম্যান
০
অ্যালান বোর্ডার
১৭ ও ৪২*
স্টিভ ওয়াহ
৪০ ও ৮০
সুনীল গাভাস্কার
২১ ও ৯৬
জাভেদ মিয়াঁদাদ
৩১
ভিভ রিচার্ডস
২ ও ৬০
গ্যারি সোবার্স
০ ও ২০
গ্রেগ চ্যাপেল
১৮২
ব্যারি রিচার্ডস
৮১ ও ১২৬
গ্রায়েম পোলক
১ ও ৪
জ্যাক ক্যালিস
১১৫