প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রেকর্ডের জন্য খেলি না’—প্রায় সব ক্রিকেটারের কণ্ঠে এই কথা শোনা গেলেও রেকর্ড হারালে মন খারাপ হয় না, এমন ক্রিকেটার খুঁজে পাওয়া মুশকিল। তবে কাল যে রেকর্ডটি হারালেন, তাতে নিশ্চিতভাবেই খুশি হয়েছেন জ্যাক ক্যালিস। ডাবল সেঞ্চুরি না পাওয়াদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান, এই রেকর্ড কারই বা ভালো লাগবে! ক্যালিস দ্বিশতক পাওয়ার পর রেকর্ডটি আবার চলে গেল অ্যালেক স্টুয়ার্টের কাছে, ৮৪৬৩ রান করা সাবেক ইংলিশ অধিনায়কের এক ইনিংসে সর্বোচ্চ রান ১৯০। ওয়ানডেতে সর্বোচ্চ ১৭৩ হলেও টেস্টে মার্ক ওয়াহর সর্বোচ্চ ছিল মাত্র অপরাজিত ১৫৩, ১২৮ টেস্টে জুনিয়র ওয়াহর রান ৮০২৯। ওপেনিংয়ে স্টুয়ার্টের সাবেক সঙ্গী মাইকেল আথারটনের রান ৭৭২৮, কিন্তু সর্বোচ্চ ১৮৫। আথারটনের পরেও আছেন আরেক সাবেক ইংলিশ অধিনায়ক, ৭৬২৪ রান করা কলিন কাউড্রের সর্বোচ্চ রান ১৮২।