বল হাতে নেওয়ার সুযোগ পাননি। ম্যাচসেরার পুরস্কারটাও একটুর জন্য ফসকে গেছে। কিন্তু তার পরও চিত্রনাট্য একেবারে পরিপূর্ণ করে জ্যাক ক্যালিসের ম্যাচটা শেষ পর্যন্ত হয়ে গেছে ক্যালিসেরই। ব্যাট হাতে নিজের কাজটা যে ভালোমতোই করেছেন। ৪২ বলে ৬১ রান। একেবারে সীমানা ঘেঁষে রোহিত শর্মা ক্যাচ না নিলে আরও দূরে যেতেন। অবশ্য ক্যালিসের নিশ্চয়ই আক্ষেপও নেই। তাঁর ফিফটির পাশাপাশি কলিন ইনগ্রামের ৫০ বলে খেলা ৭৮ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছে ২১৯ রানের বড় পুঁজি। টি-টোয়েন্টিতে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। টি-টোয়েন্টির সর্বোচ্চ চারটি স্কোরের দুটিই এখন প্রোটিয়াদের। এত রান করে এর আগে কোনো দল হারেনি। কাল জোহানেসবার্গেও জিতল দক্ষিণ আফ্রিকা। তবে বিনা উইকেটে ৭১ রান তুলে জমজমাট ম্যাচের ইঙ্গিত দিচ্ছিল ভারত। গৌতম গম্ভীরের ব্যাটই ঝলসাচ্ছিল বেশি (২৮ বলে ৪৯)। কিন্তু শেষ পর্যন্ত ৭.৫ ওভার খেলা হতেই বৃষ্টি। আর খেলাই গড়ায়নি। ডি-এল পদ্ধতিতে ১১ রানে ম্যাচ জিতেছে স্বাগতিকেরা।মাত্র একটি ম্যাচ খেলার জন্য দু দলকেই সইতে হয়েছে দীর্ঘ যাত্রার ধকল। নিউজিল্যান্ড থেকে উড়ে এসেছে দক্ষিণ আফ্রিকা, নিজেদের দেশ থেকে ভারত। দক্ষিণ আফ্রিকা অবশ্য নিউজিল্যান্ড ফেরত দলের মধ্যে ক্যালিস আর সতসোবেকেই খেলিয়েছে। ‘জেট ল্যাগ’ ধারণাটি শুরু থেকেই উড়িয়ে দিয়েছেন ক্যালিস। ইনগ্রামের সঙ্গে দ্বিতীয় উইকেটে তাঁর ১১৯ রানের জুটিটাও হয়ে থাকল দক্ষিণ আফ্রিকার মেরুদণ্ড। পরে বেহারডিয়েন, অনটং ও মরকেল ছোট্ট কিন্তু ঝোড়ো ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছেন টি-টোয়েন্টির চতুর্থ সর্বোচ্চ স্কোর। ইনগ্রাম হয়েছেন ম্যাচসেরা। এই ম্যাচের প্রাপ্ত অর্থ পাবে ক্যালিস ফাউন্ডেশন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২১৯/৪ (লেভি ১৯, ক্যালিস ৬১, ইনগ্রাম ৭৮, বেহারডিয়েন ২০*, অনটং ২২, মরকেল ১৬*; প্রাভিন ০/২২, ইরফান ১/৪৪, বিনয় ০/৩২, অশ্বিন ১/৩৩, ইউসুফ ০/৯, রায়না ২/৪৯, রোহিত ০/১৪, কোহলি ০/১৫)। ভারত: ৭.৫ ওভারে ৭১/০ (গম্ভীর ৪৯*, উথাপ্পা ১৮*; সতসোবে ০/১৫, মরকেল ০/১৬, থেরন ০/১৩, পারনেল ০/১৪, বোথা ০/১০)। ফল: দক্ষিণ আফ্রিকা ডি-এল পদ্ধতিতে ১১ রানের জয়ী।