ক্যালিসের ‘শেষ সুযোগ’
বয়স তখন মাত্র ২৩। জাতীয় দলেও এসেছেন খুব বেশি দিন হয়নি। খেলেছেন ১৯টি টেস্ট আর ৪৮টি ওয়ানডে। কিন্তু কেন তাঁকে আগামী দিনের বড় তারকা বলা হচ্ছিল, সেটা প্রথম সুযোগেই বুঝিয়ে দিয়েছিলেন জ্যাক ক্যালিস। বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম আইসিসি নকআউট ট্রফি ব্যাটে-বলে হয়ে গিয়েছিল ক্যালিসময়। হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। সেই সূর্যোদয়ের পথ ধরে সাফল্যের মধ্যগগনে পা রেখেছেন। কিন্তু আফসোস, ক্যালিসের আর কিছুই জেতা হয়নি!আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজারেরও বেশি রান। নামের পাশে আছে ৬০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। এর মধ্যে টেস্টেই তাঁর সেঞ্চুরি ৪৩টি। শচীন টেন্ডুলকারের পর সর্বোচ্চ সেঞ্চুরি। ব্যাটিংয়ে টেন্ডুলকার হয়তো অনেক এগিয়ে। কিন্তু পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে ক্যালিসই ইতিহাসের সফলতম। শুধু ব্যাটে নয়, কথা বলেন বলেও। নামের পাশে ৬০০-এর বেশি আন্তর্জাতিক উইকেট। এর সঙ্গে আছে তিন শর বেশি ক্যাচও।কিন্তু শচীনও শেষ পর্যন্ত অধরা বিশ্বকাপ ট্রফিটায় চুমু এঁকে দিতে পেরেছেন। ক্যালিস পারেননি। ১৯৯৯ সেমিফাইনালে ফিফটি করেও দেখেছেন অ্যালান ডোনাল্ডের সেই পাগলাটে দৌড়ে কীভাবে ছিটকে পড়ল দল। ২০০৩-এ দেখেছেন বৃষ্টি আর দক্ষিণ আফ্রিকানদের কান্না মিলেমিশে এক হয়ে যেতে। ২০০৭ আর ২০১১ বিশ্বকাপে ব্যর্থ হওয়া দুটো দলেও ছিলেন অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে অবশ্য সুযোগ পাননি। ক্যালিস নাকি টি-টোয়েন্টির উপযোগী নন। সেই ভুল ধারণা অবশ্য নির্বাচকদের দ্রুতই ভেঙেছে। ২০০৯-এর আসরে ফিরেছেন। সেমিফাইনালে হেরেছেন পাকিস্তানের কাছে, যে পাকিস্তানই পরে দেশে নিয়ে গেছে শিরোপা। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার হোঁচট সুপার এইটে।ক্যালিস খুব ভালো করেই জানেন, তাঁর বয়স ২৩-এ আটকে নেই। আগামী মাসে ৩৮-এ পা দেবেন। বেলা শেষের গান শুনতে থাকা ক্যালিস খুব ভালো করেই জানেন, সময় ফুরিয়ে আসছে দ্রুত। একটা বিশ্বকাপ, হোক না সেটা টি-টোয়েন্টিই, যে করেই হোক জিততেই হবে তাঁকে। কিন্তু বড় বা ছোট দৈর্ঘ্যের দুটো বিশ্বকাপেই ‘চোকার’ দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত কোনো নকআউট ম্যাচ জিততে পারেনি। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়—এমন চাপের ম্যাচ আসতেই ভেঙে পড়েছে।ক্যালিসের আশা, এবারের চিত্রনাট্যটা হবে অন্য রকম, ‘আমরা সে রকমই আশা করছি। দুর্ভাগ্যজনকভাবে আগের বছরগুলোতে আমরা সেই রেখা পেরিয়ে যেতে ব্যর্থ হয়েছি। অনেক বছর আগে বাংলাদেশে একবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিলাম। এর পরে শুধুই খরা আর হতাশা।’তারুণ্যের জয়গান গাওয়া টি-টোয়েন্টির আগামী বিশ্বকাপে থাকবেন কি না, জানা নেই। সেই অর্থে ছোট বিশ্বকাপ জেতার এটাই তাঁর শেষ সুযোগ। অবশ্য ক্যালিস খেলতে চান ২০১৫ নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া বিশ্বকাপেও। চল্লিশের আশপাশে থাকা ক্যালিস সেই টুর্নামেন্টে থাকবেন কি না, কে জানে। তবে ৫০ ওভারের বিশ্বকাপ জেতার জন্য ব্যাকুল হয়ে আছেন। সেটা জিততে পারলে নিজের সাফল্যধৌত ক্যারিয়ারটা পূর্ণতা পাবে বলেই মনে করেন ক্যালিস। বিবিসি।