ক্যাসিয়াস দেল বস্কেরও উদ্বেগের কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাসিয়াস
ক্যাসিয়াস

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের নিয়েই মূলত গড়ে ওঠে স্পেন দলের মেরুদণ্ডটা। দল নির্বাচনের সময় তাই এই দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর কড়া নজর থাকে কোচ ভিসেন্তে দেল বস্কের। এবারের মৌসুমে নিশ্চিতভাবেই তাই ব্যস্ত সময় কাটবে দেল বস্কের। কারণ, বিশ্বকাপ রক্ষার মিশন শুরু হতে যে খুব বেশি দিন বাকি নেই।
এবার দেল বস্কের চিন্তার কারণ হয়ে উঠতে পারেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস। স্পেনের বিশ্বকাপ ও দুটি ইউরোজয়ী দলের অধিনায়ককে ডাগআউটে রেখেই এবারের লা লিগা মিশন শুরু করেছে রিয়াল মাদ্রিদ। এভাবেই যদি মাঠের বাইরে থাকতে হয়, তাহলে আগামী বছরের বিশ্বকাপের জন্যও যে ঠিকমতো প্রস্তুত হতে পারবেন না ক্যাসিয়াস।
গত মৌসুমে ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন মাঠের বাইরে। তারপর থেকে রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে আর ফিরতেই পারেননি ক্যাসিয়াস। হোসে মরিনহো অগ্রাধিকার দিয়েছিলেন ডিয়েগো লোপেজকে। এ নিয়ে সমর্থক ও স্প্যানিশ গণমাধ্যমের সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছিল মরিনহোর। রিয়ালের সাজঘরেও নাকি তৈরি হয়েছিল টানাপোড়েন। মরিনহোর বিদায়ের পর আবার আশায় বুক বেঁধেছিলেন ক্যাসিয়াসের সমর্থকেরা। নতুন কোচ কার্লো আনচেলত্তি আবার ক্যাসিয়াসকেই তাঁর পুরোনো জায়গাটা ফিরিয়ে দেবেন বলেই আশা করেছিলেন তাঁরা। কিন্তু লা লিগার এবারের মৌসুমে রিয়ালের প্রথম ম্যাচে আবারও হতাশ হতে হয়েছে তাঁদের। গোলপোস্টের নিচে দেখা গেছে লোপেজকেই। ডাগআউটে বসে ছিলেন ক্যাসিয়াস। ম্যাচ শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখিও হতে হয়েছে আনচেলত্তিকে। সে সময় তিনি জানিয়েছেন, গোলরক্ষক নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, ‘এই সিদ্ধান্তটা শুধু আজকের ম্যাচের জন্য। ডিয়েগো আজকের ম্যাচে গোলরক্ষক ছিল। পরবর্তী ম্যাচগুলোতে কী হবে, সেটা দেখা যাবে।’ আনচেলত্তির এই সিদ্ধান্তের দিকে দেল বস্কও যে তাকিয়ে থাকবেন, সেটা নিশ্চিতভাবেই বলা যায়।

মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’ ও ‘এএস’ একটি জরিপও চালিয়েছিল পাঠকদের মধ্যে। সেখানেও অধিকাংশ ভোটই পড়েছে ক্যাসিয়াসের পক্ষে। ক্যাসিয়াসের এই সমর্থকদের মতো দেল বস্কও হয়তো খুশি হবেন জাতীয় দলের অধিনায়ককে গোলপোস্টের নিচে দাঁড়াতে দেখলে। কারণ এখন পর্যন্ত দল গঠনের সময় ক্যাসিয়াসকেই প্রাধান্য দিয়ে এসেছেন স্প্যানিশ এই কোচ। এ বছর কনফেডারেশনস কাপেও স্পেনের গোলপোস্ট সামলেছেন ক্যাসিয়াস। ২০১৪ বিশ্বকাপের জন্যও দেল বস্ক যে তাঁকেই বেছে নিতে চাইবেন, সেটাও অনুমান করা যায়। কিন্তু ক্যাসিয়াসকে যদি রিয়াল মাদ্রিদের ডাগআউটেই বেশির ভাগ সময় কাটাতে হয় তাহলে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় একটু ঝামেলাতেই পড়তে হবে দেল বস্ককে।— রয়টার্স