ক্যাসিয়াসকে নিয়ে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো
রোনালদো

ভালোবেসে সমর্থকেরা ডাকেন ‘সন্ত ইকার’। ইকার ক্যাসিয়াসকে ছাড়া রিয়াল মাদ্রিদ—একসময় অকল্পনীয় ছিল দৃশ্যটা। কিন্তু সেই ক্যাসিয়াসেরই এখন জায়গা হচ্ছে না দলে। লিগে কোনো ম্যাচ খেলেননি এই মৌসুমে। চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে খেলতে নেমে ১৫ মিনিট পরই চোটের কারণে বদলি! সব মিলিয়ে স্প্যানিশ গোলরক্ষক যে খুব কঠিন সময় পার করছেন, সেটা স্বীকার করেছেন রিয়াল কিংবদন্তি রোনালদো দ্য ফেনোমেননও।
হোসে মরিনহোর শেষ সময়টাতে চোটের কারণে প্রথম জায়গা হারিয়েছিলেন ক্যাসিয়াস। তবে সুযোগ পেয়ে ডিয়েগো লোপেজও প্রমাণ করেছেন ক্যাসিয়াসের জায়গা নিতে প্রস্তুত তিনি। এই মৌসুমে কার্লো আনচেলত্তি কোচ হয়ে আসার পরও বেঞ্চেই সময় কাটাতে হচ্ছে ক্যাসিয়াসকে।
অনেক দিন পর চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়েও চোটের কারণে আবার চলে যান মাঠের বাইরে। এ অবস্থায় লোপেজকে সরিয়ে আবারও রিয়াল দলে জায়গা ফিরে পাওয়াটা ক্যাসিয়াসের জন্য কঠিন হবে বলেই মনে করছেন রোনালদো, ‘অনেক দিন তার এমন কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। সে ইতিহাসের সেরা গোলরক্ষকদের একজন। লোপেজ আমার সঙ্গেও অনুশীলন করেছে এবং সে খুবই ভালো। আমার মনে হয় না, তাকে বেছে নিতে আনচেলত্তির খুব সমস্যা হয়েছে।’

ক্যাসিয়াস
ক্যাসিয়াস

ক্যাসিয়াসের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত হলেও রোনালদো আশাবাদী তাঁর সাবেক দল বার্সেলোনার নতুন তারকা নেইমারের ব্যাপারে। তবে বার্সায় আরও ঔজ্জ্বল্য ছড়াতে নেইমারের আরও কিছুটা সময় লাগবে বলে মনে করেন রোনালদো, ‘আমি মনে করি, ভালো খেলোয়াড়েরা সব সময়ই একে অন্যকে বুঝতে পারে। নেইমারের শুরুতে কিছুটা কঠিন সময় যাবে। তবে ইউরোপের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলে একসময় খুব ভালো করবে।’
বার্সেলোনা ও রিয়াল দুটি ক্লাবের হয়েই খেলা এই ব্রাজিল কিংবদন্তি চ্যাম্পিয়নস লিগে তাঁর দুই সাবেক ক্লাবকে নিয়ে বেশ আশাবাদী। তবে পাশাপাশি দুই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডও শিরোপার বড় দাবিদার বলে মনে করেন তিনি, ‘রিয়াল, বার্সা তো সব সময়ই ফেবারিট। আমার বিশ্বাস, লড়াইটা হবে জার্মানির দুই ক্লাব আর বার্সা ও রিয়ালের মধ্যে।’ ওয়েবসাইট।