ক্যাসিয়াসকে রেখেছেন বস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকার ক্যাসিয়াস যখন রিয়াল মাদ্রিদে ব্রাত্য হয়ে পড়ছেন, তখন তাঁকে একটু হলেও আশার আলো দেখালেন ভিসেন্তে দেল বস্ক। বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্পেন দলে ক্যাসিয়াসকে ডেকেছেন দেল বস্ক।
রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির প্রথম পছন্দ এখন ডিয়েগো লোপেজ। কিন্তু স্পেনে লোপেজ এবারও উপেক্ষিত থেকে গেলেন। গোলপোস্টের নিচে ক্যাসিয়াসের সঙ্গে আছেন পুরোনো দুই পছন্দ ভিক্টর ভালদেস ও পেপে রেইনা। তবে একটা চমকও দিয়েছেন দেল বস্ক, ডাকেননি চেলসির হুয়ান মাতা, ফার্নান্দো তোরেস ও সেজার আজপিলিকুয়েতাকে।
৬ সেপ্টেম্বর ফিনল্যান্ড নিজেদের মাঠে পরীক্ষা নেবে বিশ্ব চ্যাম্পিয়নদের। দেল বস্কের ভাবনাজুড়ে এখন সেই ম্যাচ, ‘এই মুহূর্তে ফিনল্যান্ডের ম্যাচ নিয়েই আমি উদ্বিগ্ন।’ এরপর জর্জিয়া ও বেলারুশের সঙ্গে স্পেন বাকি দুটি ম্যাচ খেলবে ঘরের মাঠে। তার আগে অবশ্য ১০ সেপ্টেম্বর চিলির বিপক্ষে একটা প্রীতি ম্যাচও আছে। গ্রুপ আইতে ১১ পয়েন্ট নিয়ে স্পেন সবার ওপরে আছে বটে, কিন্তু ১০ পয়েন্ট নিয়ে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ফ্রান্স।
জার্মানিতে ডাক পেয়েছেন বায়ার্ন মিউনিখ ত্রয়ী বাস্তিয়ান শোয়েনস্টেইগার, মারিও গোটশে ও টনি ক্রুস। চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচটিতে ছিলেন না তাঁরা। গ্রুপ সিতে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে জার্মানি। ৬ সেপ্টেম্বর মিউনিখে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়া (১১) খেলবে জার্মানির সঙ্গে। চার দিন পরের ম্যাচটির প্রতিপক্ষ তলানিতে থাকা ফারো আইল্যান্ডস। এএফপি।