ক্যাসিয়াসের এক নম্বর লোপেজ!

বিশ্বস্ত দুই হাতে দীর্ঘদিন পরম নির্ভরতায় সামলেছেন রিয়াল মাদ্রিদের পোস্ট। কিন্তু হোসে মরিনহো এসে ১০ বছরের মধ্যে প্রথমবার বেঞ্চে বসিয়ে রেখেছিলেন ইকার ক্যাসিয়াসকে। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছিলেন ডিয়েগো লোপেজ। মৌসুমটা রিয়ালের জন্য নিষ্ফলা গেলেও লোপেজ নিজেকে ঠিকই চিনিয়েছেন। ফিট হয়ে ওঠার পরও ক্যাসিয়াসকে যে দর্শক হয়ে বসে থাকতে হলো, লোপেজের দুর্দান্ত ফর্ম এর একটি কারণ।
লোপেজকে যিনি নিয়ে এসেছিলেন সেই মরিনহো চলে গেছেন রিয়াল ছেড়ে। নতুন কোচ কার্লো আনচেলত্তি কাকে বেছে নেবেন সেটা এখনই বলা মুশকিল। তবে তিনি যে আর ‘অটোমেটিক চয়েস’ নন, রেডিও মার্কার কাছে সেটা স্বীকার করলেন ক্যাসিয়াস, ‘ডিয়েগো লোপেজ একজন অসাধারণ মানুষ, দারুণ গোলরক্ষক। সে দুর্দান্ত খেলেছে এবং আরও সুযোগ পাওয়াটা তার প্রাপ্য। অসাধারণ একটা মৌসুম কাটিয়েছে সে।’
তবে প্রথম একাদশে থাকার জন্য লড়াইটা চালিয়ে যাবেন ক্যাসিয়াস, ‘ছোটবেলা থেকেই আমি ধৈর্য ধরতে শিখেছি। আমি জানি আমাকে আরও অপেক্ষা করতে হবে। দলে জায়গা করে নিতে আমি চেষ্টা চালিয়ে যাব।’
তবে কখনো রিয়াল ছাড়তে হলে সেটা নিয়েও খেদ থাকবে না বলে দাবি করলেন ক্যাসিয়াস, ‘এই ক্লাবকে (রিয়াল) আমি নিজের ঘর মনে করি। যদি আমাকে কোনো দিন বলা হয়, ক্লাব ছাড়তে হবে, আমি উচ্চবাচ্য করব না।’ ওয়েবসাইট।
