ক্যাসিয়াসের মরিনহো-স্তুতি
হোসে মরিনহোর সঙ্গে মূল দ্বন্দ্বটা ছিল ইকার ক্যাসিয়াসের। এ বছরের শুরুতে তা প্রকাশ্যও হয়ে গিয়েছিল। সেসবের জের ধরেই মরিনহো এই মৌসুমে রিয়াল ছেড়ে যোগ দিয়েছেন চেলসিতে। এতে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ক্যাসিয়াসেরই। কিন্তু অন্য অনেকের মতো সমালোচনার তোপদাগা নয়, ক্যাসিয়াস বরং কৃতজ্ঞতাই জানালেন সাবেক কোচকে। বললেন, গত তিন বছরে রিয়ালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মরিনহো।
মরিনহোর বিদায়ে রিয়ালের কোচ হয়ে এসেছেন কার্লো আনচেলত্তি। ক্যাসিয়াসের কথা, ‘আমি কেবল কার্লোর সঙ্গে অনুশীলন শুরু করেছি। আমি বলতে পারব না তাদের (আনচেলত্তি ও মরিনহো) মধ্যে পার্থক্য কী? কিন্তু এখন পেছন ফিরে তাকানোর প্রশ্নই আসে না। আমাদের অবশ্যই রিয়াল মাদ্রিদে অবদানের জন্য মরিনহোর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তবে এখন আমাদের এই আশা নিয়ে শুরু করতে হবে যে ক্লাব আরও ওপরে উঠতে পারবে।’ ওয়েবসাইট।
কথায় কথায় উঠে আসে গ্যারেথ বেলের প্রসঙ্গটিও। টটেনহামের এই ওয়েলস উইঙ্গারকে পেতে মরিয়া হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। ক্যাসিয়াসও টটেনহামের ২৪ বছর বয়সী উইঙ্গারের প্রশংসায় পঞ্চমুখ, ‘আমরা এমন একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছি, সত্যি বলতে, সে ইউরোপের সেরা তিন বা চারজন খেলোয়াড়ের অন্যতম।’ ক্যাসিয়াস ইঙ্গিত দিয়েছেন, শেষ পর্যন্ত বেলের সঙ্গে চুক্তিটা হতে পারে রিয়ালের। অন্য এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুঞ্জন মতো রিয়ালের প্রস্তাবটা যদি সত্যিই আট কোটি ইউরোর বেশি হয় (২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তিটা ছিল আট কোটি ইউরো), তাহলে টটেনহাম প্রস্তাবটা গ্রহণ করতে পারে।