ক্যাসিয়াস-জাভি বন্ধুত্বে ‘নাখোশ’ মরিনহো!
দুজনের বন্ধুত্ব সেই কিশোর বয়স থেকে। একসঙ্গে বেড়ে উঠেছেন, খেলেছেন। ইকার ক্যাসিয়াস ও জাভি হার্নান্দেজ স্পেন জাতীয় দলে এখনো একসঙ্গে খেলছেন। গত রোববার রাতে স্পেনের ইউরো জয়ের পর অন্যদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করলেন তাঁরাও। দুই তারকা ফুটবলারের মধ্যে কৈশোরের বন্ধুত্বটা এখনো অটুট।ক্যাসিয়াস-জাভির এই বন্ধুত্বে কারও আপত্তি থাকার কথা নয়। তবে আপত্তি নাকি আছে রিয়াল কোচ হোসে মরিনহোর। তথ্যটি প্রকাশ করেছেন স্বয়ং জাভি হার্নান্দেজের বাবা। ক্যাসিয়াস-জাভির বন্ধুত্বে নাকি রীতিমতো নাখোশ রিয়াল ম্যানেজার।‘জাভির সঙ্গে বন্ধুত্ব থাকার কারণে অনেক সমস্যায় পড়তে হয়েছে ক্যাসিয়াসকে। গত মৌসুমে সমস্যাটি প্রকাশ পায়। সবাই তা জানে। তবে নিজেদের বন্ধুত্বের ইতি টানতে ক্যাসিয়াস বা জাভি কেউই আগ্রহী নয়’—কম রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন জাভির বাবা। ক্যাসিয়াস-জাভির বন্ধুত্বে মরিনহোর আপত্তির কারণটা পাঠকদের অজানা থাকার কথা নয়। গোলরক্ষক ক্যাসিয়াস খেলেন মরিনহোর ক্লাব রিয়ালের হয়। অন্যদিকে জাভি খেলেন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হয়ে। জাভির বাবার অভিযোগ সত্যি হলে মরিনহোর নাখোশ হওয়ার কারণ হতে পারে এটাই। সূত্র: ওয়েবসাইট।