ক্যাসিয়াস মেনে নিয়েছেন!
২০০২ বিশ্বকাপে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে দু-দুটি পেনাল্টি ঠেকিয়ে ইকার ক্যাসিয়াস পেয়েছিলেন ‘সন্ত’ উপাধি। সেই থেকেই রিয়াল মাদ্রিদ ও স্পেনের গোলবারের নিচে পরম নির্ভরতার নাম ক্যাসিয়াস। ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে জিতেছেন ইউরো-বিশ্বকাপ-ইউরো ত্রয়ী। এ মৌসুমে ফর্ম খানিকটা পড়তির দিকে থাকলেও এখনই বেঞ্চে বসিয়ে রাখার মতো খেলোয়াড় তিনি নন। ১০ বছর পর গত শনিবার লা লিগার ম্যাচে তাঁকে বেঞ্চে বসিয়ে রাখলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। এ নিয়ে স্প্যানিশ ফুটবলে তোলপাড়, আলোচনা-সমালোচনারঢেউ আছড়ে পড়েছে গোটা বিশ্ব ফুটবলেই।কিন্তু যাঁকে নিয়ে এত শোরগোল, সেই ক্যাসিয়াস ‘সন্তের’ মতোই বলেছেন, তাঁর বাদ পড়ার কারণটি ‘পুরোপুরিই টেকনিক্যাল’ ছিল, ‘কোচই সিদ্ধান্ত নেবেন কে মাঠে নামার জন্য সেরা। আপনাকে এটা মেনে নিতে হবে। আমি বেঞ্চে বসে থাকতে অভ্যস্ত নই, কিন্তু ইকার ক্যাসিয়াস বা যে কারও ওপর হচ্ছে দল।’ ‘লা সেক্সতা’ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সেরা একাদশে ফেরার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি, ‘আমি যেটা করতে পারি, সেটা অনুশীলন চালিয়ে যাওয়া ও কোচের আস্থা ফিরে পাওয়া।’ দল থেকে বাদ পড়ার ব্যাপারটা নাকি আগেই আঁচ করতে পেরেছিলেন ক্যাসিয়াস, ‘সপ্তাহজুড়েই আমি টের পেয়েছিলাম যে আমার খেলা হচ্ছে না। কিন্তু এটি আমাকে বিচলিত করেনি। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল মালাগায় দলের জয়, যাতে বার্সেলোনা ও অ্যাটলেটিকোর সঙ্গে ব্যবধান কমে দাঁড়ায়।’ ক্যাসিয়াসকে কেন বাদ দেওয়া হলো, সেই কারণ কিন্তু ব্যাখ্যা করেননি মরিনহো। ক্যাসিয়াসই জানিয়েছেন, ‘মরিনহো আমাকে সবকিছু ব্যাখ্যা করেননি। যখন আমি খেলি তখনো ব্যাখ্যা করেন না, যখন খেলি না তখনো না।’ এদিকে মরিনহো গত রোববার লিসবন এয়ারপোর্টে পৌঁছে জানিয়েছেন, এ ম্যাচে ক্যাসিয়াসকে বাদ দেওয়ার জন্য তাঁর মনে কোনো খেদ নেই।তবে মরিনহো যা-ই বলুন না কেন, স্প্যানিশ সংবাদমাধ্যমে কোনো ছাড় তিনি পাচ্ছেন না। সংবাদমাধ্যমের কাছে আগে থেকেই তিনি অজনপ্রিয়, ক্যাসিয়াসের ঘটনায় তারা যেন পেয়ে গেছে নতুন শিকার। স্প্যানিশ দৈনিক মার্কা ধুয়ে দিয়েছে তাঁকে, ‘“মউ” নিজেকে হাস্যাস্পদ প্রমাণ করেছেন।’ মার্কার প্রথম পাতায় ছাপা হয়েছে মাথা নিচু করে থাকা ক্যাসিয়াসের বিষণ্ন ছবি। আরেক স্প্যানিশ দৈনিক এএস-এর ভাষ্য, ‘এটি কোচের আরেকটি স্পর্ধা। এবার সেটি তিনি দেখিয়েছেন ক্লাবের সন্তদের সন্তের প্রতি।’ স্পেন ও রিয়াল মাদ্রিদে ক্যাসিয়াসের দীর্ঘদিনের সতীর্থ সার্জিও রামোসও বিস্মিত ক্যাসিয়াস বাদ পড়ায়, ‘সে একজন অধিনায়ক। আমরা সবাই-ই এতে কমবেশি অবাক হয়েছি।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।