ক্যাসিয়াসও প্রথম পছন্দ!
লা লিগায় ইদানীং খেলার সুযোগ হচ্ছে না। একসময় যাঁর বিকল্প ভাবা যেত না, সেই ইকার ক্যাসিয়াসের ডাক পড়ে কোপা ডেল রে কিংবা চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোয়। বেশ কিছুদিন পর পর পাওয়া সেই সুযোগে ক্যাসিয়াসকে প্রমাণ করতে হয়, ফুরিয়ে যাননি তিনি! পরশু কর্নেলা এল পার্তে যেন আরও একবার সেটাই প্রমাণ করলেন স্পেনের এক নম্বর গোলরক্ষক। রোনালদো গোল পাননি, গ্যারেথ বেলও না। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ এসপানিওলের বিপক্ষে জিতেছে ‘বিবিসি’ ত্রয়ীর অন্যজন বেনজেমার একমাত্র গোলে। তবে জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ক্যাসিয়াসের। দারুণ কিছু সেভ করেছেন রিয়াল গোলরক্ষক, নইলে অন্তত ড্র নিয়ে ম্যাচ শেষ করতে পারত এসপানিওল। এএফপি।
ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির উচ্ছ্বসিত প্রশংসা ক্যাসিয়াসের জন্য, ‘ও অসাধারণ সেভ করেছে। প্রতি ম্যাচেই সে খুব ভালো খেলছে।’ লিগে নিয়মিত সুযোগ না পাওয়ায় ক্যাসিয়াস রিয়াল ছেড়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন। সেটি উড়িয়ে দিতেই আনচেলত্তি বললেন, ‘এ মুহূর্তে আমাদের দুই গোলরক্ষক পালা করে খেলছে। সুতরাং ডিয়েগো লোপেজ যেমন আমার প্রথম পছন্দ, তেমনি ক্যাসিয়াসও তা-ই।’ পরশু একটা রেকর্ডও হয়ে গেছে ক্যাসিয়াসের। এই ম্যাচেও গোল না খেয়ে সর্বশেষ ৫৯২ মিনিট রিয়ালের গোলপোস্ট সুরক্ষিত রাখার ব্যক্তিগত রেকর্ড।