ক্যাসিয়াসকে জাভির জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বার্সেলোনা দলটিতে পুয়োল-মেসি-জাভি-ইনিয়েস্তাসহ ১৮ জন খেলোয়াড় উঠে এসেছেন ক্লাবের একাডেমি লা মাসিয়া থেকে। এই বার্সেলোনা শাসন করছে বিশ্ব ক্লাব ফুটবল। তাই সারা বিশ্বেই লা মাসিয়ার জয়গান। কিন্তু লা মাসিয়া নিয়ে এত হইচই খুব একটা ভালো লাগছে না রিয়াল মাদ্রিদ অধিনায়ক ইকার ক্যাসিয়াসের। কদিন আগে ক্যাসিয়াস বলেছেন, লা মাসিয়া নিয়ে বার্সেলোনা একটু বেশিই বড়াই করছে। পাঁচ-ছয় বছর আগেও বার্সেলোনা একাডেমির খেলোয়াড়ের ওপর নির্ভরশীল না থেকে বাইরের খেলোয়াড়ই বেশি কিনতে চাইত। ক্যাসিয়াসের এ কথা শোনার পর অবশেষে মুখ খুললেন জাভি। ক্যাসিয়াসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দৈনিক মার্কার কাছে বার্সেলোনা ও স্পেনের মাঝমাঠের জাদুকর ভিন্নমত প্রকাশ করেছেন, ‘আমি ইকারকে শ্রদ্ধা করি, সে আমার বন্ধু। কিন্তু তার বক্তব্যের সঙ্গে একমত নই। একাডেমি নিয়ে গর্ব করার অবশ্যই কারণ আছে আমাদের। এটির ওপর আমাদের আস্থা আছে এবং এখানে যে কাজ হয় তা নিয়ে আমরা গর্বিত।’ যে স্পেন দল ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো জিতেছে আবার ক্যাসিয়াসের নেতৃত্বে, সেই সাফল্যে লা মাসিয়ার অবদানটাও স্মরণ করিয়ে দিয়েছেন জাভি, ‘বার্সা একাডেমির আট বা নয়জন ছাত্র ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জিতেছে স্পেনের হয়ে এবং তারাই ছিল জাতীয় দলের মেরুদণ্ড। এসব সাফল্যেই তাদের ছিল বড় ভূমিকা। সুতরাং মাদ্রিদবাসীরও তো বার্সেলোনা একাডেমির জন্য গর্ব হওয়া উচিত।’ ওয়েবসাইট।