ক্যাসিয়াসকে নিয়ে আবারও
বাদ পড়লেন প্রথমে। পরে চোটের কারণে ছিটকে পড়লেন। ইকার ক্যাসিয়াস চোট থেকে সেরে ওঠার পরও যখন হোসে মরিনহো তাঁকে বেঞ্চেই বসিয়ে রাখলেন, ব্যাপারটাকে ব্যক্তিগত কোনো কারণ বলেই মনে করেছেন অনেকে। কিন্তু রিয়ালের নতুন কোচ কার্লো আনচেলত্তিও হাঁটলেন পূর্বসূরির পথেই। গত রোববার রিয়াল বেটিসের বিপক্ষে লিগের প্রথম ম্যাচে ক্যাসিয়াসকে রেখে আনচেলত্তি খেলিয়েছেন লোপেজকেই। নিতান্তই রিয়ালের অভ্যন্তরীণ বিষয় হলেও স্পেন জাতীয় দলের কোচ ভিসেন্তে দেল বস্কও এটা নিয়ে উদ্বিগ্ন।আনচেলত্তি বলছেন, কাজটা করেছেন শুধুই ওই ম্যাচের জন্য। দল নির্বাচনের পরিকল্পনাটা তিনি সাজাবেন ম্যাচ ধরে ধরে, ‘আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম আজকের (রোববারের) ম্যাচের জন্য। দেখা যাক সামনের ম্যাচে কী ঘটে।’ আনচেলত্তির কথার সূত্র ধরেই রিয়ালের সামনের ম্যাচ নিয়ে স্প্যানিয়ার্ডদের অন্য রকম কৌতূহল। রিয়ালের পরের ম্যাচটি আগামী সোমবার গ্রানাডার বিপক্ষে, গত মৌসুমে রিয়ালকে যারা নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল। গ্রানাডা ম্যাচেও যদি প্রথম একাদশে লোপেজকেই খেলান আনচেলত্তি, দেল বস্ককে হয়তো আগামী বিশ্বকাপ নিয়েই নতুন পরিকল্পনা সাজাতে হবে!গত মৌসুমের শেষ দিকে মরিনহোর কাছে ব্রাত্য হয়ে পড়া ক্যাসিয়াসের ওপরই আস্থা রাখেন দেল বস্ক। কনফেডারেশনস কাপ এমনকি গত সপ্তাহে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচেও শুরুর একাদশে ক্যাসিয়াসকেই খেলিয়েছেন দেল বস্ক। ক্লাবে ক্যাসিয়াসের জায়গা নিয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন যিনি, সেই লোপেজকে দেল বস্ক দলেই ডাকেননি! লোপেজও স্প্যানিশ। জাতীয় দলে খেলার অধিকার বা স্বপ্ন তাঁরও আছে। যদিও মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা এবং এএস-এর জরিপ বলছে, এখনো গোলপোস্টে ক্যাসিয়াসকেই পছন্দ অধিকাংশ স্প্যানিশের। এর পরও আনচেলত্তি যদি লোপেজকেই নিয়মিত খেলান, দেল বস্কের জন্য ক্যাসিয়াসের ওপর আস্থা ধরে রাখাটা কঠিন হবে। ক্যাসিয়াস নিশ্চয়ই সেটা চাইবেন না।তাহলে কী করবেন ক্যাসিয়াস? মালাগার কোচ বার্ন্ড সুস্টার বলছেন, পরিস্থিতি না পাল্টালে ক্যাসিয়াসের উচিত রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া! জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে তাঁকে তো নিয়মিত খেলতে হবে। রিয়ালের সাবেক কোচের তাই উপলব্ধি, স্পেনের বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করতে ক্যাসিয়াস যদি রিয়াল ছেড়ে চলেও যান, তিনি বিস্মিত হবেন না। টিকি-টাকা ম্যাগাজিনকে সেই আশঙ্কার কথাই বলেছেন সুস্টার, ‘আমি বুঝতে পারছি, ইকার হয়তো ক্লাব ছাড়তে চাইবে। রাউল অন্য ক্লাবে যাবে, এটা কল্পনা করাও ছিল অসম্ভব। ইকারের ব্যাপারটাও একই। কিন্তু এটা বিশ্বকাপের মৌসুম। কাজেই সে পুরোটা বছর বেঞ্চে কাটিয়ে দিতে চাইবে না। সে খেলতে চায়।’ কিন্তু সমর্থকেরা কি ক্যাসিয়াসের বিদায় মেনে নেবে? ওয়েবসাইট।