ক্যাসিয়াসকে ব্যলন ডি’অর দিতে চান পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সাল থেকে এখন পর্যন্ত স্পেনের অধিনায়ক হিসেবে তিনটি বড় শিরোপা জিতেছেন ইকার ক্যাসিয়াস। টানা দুবারের ইউরো চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ শিরোপা। আর লা রোজাদের এই দুর্দান্ত সাফল্যের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এ সময়ের অন্যতম সেরা এই গোলরক্ষক। অসাধারণ দক্ষতায় স্পেনের গোলবার আগলে রাখেন ক্যাসিয়াস। কিন্তু তার পরও এখন পর্যন্ত ফিফার বর্ষসেরা পুরস্কারটা হাতে নিতে পারেননি স্পেনের এই অধিনায়ক। তাই এবারের ব্যলন ডি’অর পুরস্কারটি ইকার ক্যাসিয়াসেরই পাওয়া উচিত বলে মনে করছেন পেলে। স্পেনের সাফল্যের পেছনে যে তাদের অধিনায়ক গোলরক্ষকেরও একটা বিরাট ভূমিকা আছে, তার স্বীকৃতি দেওয়ার এখনই সবচেয়ে ভালো সময় বলে মন্তব্য করেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।এখন পর্যন্ত ফিফার এই বর্ষসেরা পুরস্কার প্রদানের ক্ষেত্রে স্ট্রাইকার বা মিডফিল্ডাররাই বেশি প্রাধান্য পেয়েছেন। বিগত তিন বছরের পুরস্কার উঠেছে বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির হাতে। তার আগে পুরস্কারটি পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা, রোনালদিনহো ও রোনালদো। তবে এবার পুরস্কারটা ইকার ক্যাসিয়াসের মতো গোলরক্ষকেরই পাওয়া উচিত বলে মনে করছেন পেলে। সম্প্রতি এক সাক্ষাত্কারে ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার বলেছেন, ‘সাধারণত আক্রমণাত্মক খেলোয়াড়দেরই এই পুরস্কারটা দেওয়া হয়। কিন্তু আমার কাছে এ ধরনের বিচার করাটা অনুচিত বলে মনে হয়। বড় প্রতিযোগিতাগুলোতে ক্যাসিয়াসের পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় তাঁকে ব্যলন ডি’অর পুরস্কারটা দেওয়ার এটাই সবচেয়ে আদর্শ সময়।’ফুটবলে গোল করাটা যতটা গুরুত্বপূর্ণ, গোলবারের নিচে গোল ঠেকানোর কাজটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন পেলে। তিনি বলেছেন, ‘দলের জয়ে স্ট্রাইকাররা যতটা ভূমিকা রাখে, ক্যাসিয়াসের অবদান তার চেয়ে কোনো অংশে কম নয়। দলে সেরা সেরা স্ট্রাইকার থাকলেও কোনো কাজ হবে না, যদি না তাদের পেছনে সেরা গোলরক্ষক না থাকে।’— ইএসপিএন