ক্যাসিয়াসে মুগ্ধ মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলারদের অন্যতম রিয়াল মাদ্রিদের অধিনায়ক ইকার ক্যাসিয়াস। এ ঘোষণা বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির।ক্যাসিয়াসের সঙ্গে মেসির দ্বৈরথটা বেশ পুরোনো। হওয়াটাই স্বাভাবিক। কারণ, ক্যাসিয়াস যেমন চান মেসিকে হতাশায় ডুবিয়ে রিয়ালের গোলবার অক্ষত রাখতে, ঠিক তেমনি মেসি চান জাদুকরী আক্রমণের মাধ্যমে রিয়ালের জালে বল জড়াতে। রিয়াল-বার্সার এল ক্লাসিকোয় একজনের সুদিন মানেই তো অন্যের দুর্দিন!মাঠের লড়াইয়ের প্রতিপক্ষ হলেও ক্যাসিয়াসের খেলার একজন বড় ভক্ত লিওনেল মেসি। রিয়াল অধিনায়কের প্রতি মুগ্ধতাও প্রকাশ করেছেন বার্সা সুপারস্টার, ‘আমি ভাগ্যবান যে এল ক্লাসিকোয় অনেক গোল করতে পেরেছি। আমি সন্তুষ্ট। কারণ, ইকার বিশ্বের সেরা ফুটবলারদের একজন। ও অসাধারণ গোলরক্ষক। তবে ম্যাচের একেবারে শুরু থেকেই গোল করার চেষ্টা করি আমি।’রিয়াল-বার্সার সর্বশেষ এল ক্লাসিকোয় জয় পায়নি কোনো দলই। ড্র হয় ২-২ গোলে। সেটা ছিল এবারের লা লিগার প্রথম এল ক্লাসিকো। ওই ম্যাচে দু-দুবার ক্যাসিয়াসকে পরাস্ত করে রিয়ালের জালে বল জড়ান মেসি। লিগে আট গোল নিয়ে এখন পর্যন্ত শীর্ষে বার্সা জাদুকর। মেসি অবশ্য এককভাবে শীর্ষে নন। সমান আটটি গোল রয়েছে রিয়ালের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো ও অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়েরও।লিগে সাত ম্যাচে ছয় জয়, এক ড্র। শীর্ষে থাকা বার্সার অর্জন ১৯ পয়েন্ট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে রিয়ালের জয় মাত্র তিনটি ম্যাচে। ড্র দুটিতে। অর্জন ১১ পয়েন্ট। এখন পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের চেয়ে আট পয়েন্টে পিছিয়ে গত মৌসুমের শিরোপাজয়ী রিয়াল। সূত্র: ইএসপিএন-স্টার।