ক্যাসিয়াসের অস্বস্তি মেসি
প্রায় এক যুগের ক্যারিয়ার ইকার ক্যাসিয়াসের। এত বছরে অনেক স্ট্রাইকারের মুখোমুখি হয়েছেন স্পেনের গোলরক্ষক। কেউ কেউ তো ভুগিয়েছেন তাঁকে। তবে সবচেয়ে বেশি ভুগিয়েছেন মনে হয় বার্সেলোনার লিওনেল মেসি। ক্যাসিয়াসের সরল স্বীকারোক্তি এটা। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ক্লাবের ওয়েবসাইটে সম্প্রতি লিখেছেন, মেসির মুখোমুখি হওয়াটা তাঁর জন্য অস্বস্তির কারণ।রিয়াল মাদ্রিদের মূল দলে খেলছেন ১৯৯৯ থেকে। স্পেন দলে অভিষেক ২০০০ সালে। ক্লাব ফুটবলে ৫৭২, আর স্পেনের হয়ে ১২১টি ম্যাচ খেলে ফেলেছেন। বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন ক্যাসিয়াস। মেসির মুখোমুখি হওয়া নিয়ে তাঁর কথা, ‘মেসির মতো খেলোয়াড়ের মুখোমুখি হওয়াটা একজন গোলরক্ষকের জন্য সত্যিই অস্বস্তির। কারণ ও খুব প্রতিভাবান খেলোয়াড়। তবে এসবের পরও ওর বিপক্ষে খেলাটা আনন্দের।’সদ্য শেষ হওয়া মৌসুমে পাঁচবার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। পাঁচবার ক্যাসিয়াস-মেসি দ্বৈরথও হয়েছে। পাঁচ লড়াইয়ের একটিতেই মাত্র জিততে পেরেছে রিয়াল মাদ্রিদ, কোপা ডেল রের ফাইনালে (১-০ গোলে)। বাকি চারটি লড়াইয়ে ক্যাসিয়াসের জালে ৯ বার বল পাঠিয়েছে বার্সেলোনা। এই ৯ গোলের ৩টিই করেছেন মেসি। মেসি তো ক্যাসিয়াসের অস্বস্তির কারণ হবেনই! ওয়েবসাইট।