ক্যাসিয়াসের এখন সুসময়
ভাগ্য যেমন চিরকাল কারও থেকে মুখ ফিরিয়ে নেয় না, তেমনি সব সময় সুপ্রসন্নও থাকে না। ইকার ক্যাসিয়াস এখন কথাটা নিশ্চয় ভালোই টের পাচ্ছেন। রিয়াল মাদ্রিদে গত চারটা মাস কাটাতে হয়েছে বেঞ্চে। দেখতে হয়েছে দলের গোলবার আগলে রাখছেন ডিয়েগো লোপেজ। তবে হোসে মরিনহোর বিদায়ে বার্নাব্যুতে লোপেজ-অধ্যায়ের এপিটাফ হয়তো লেখা হয়ে গেছে। আবার হয়তো শেষ প্রহরী হয়ে ফিরবেন ক্যাসিয়াস।১০ বছরে কেউ যা করার সাহস করেননি, সেটাই করেছিলেন মরিনহো। ক্যাসিয়াসকে বসিয়ে রেখেছেন বেঞ্চে। এরপর তো চোটের কারণে রিয়াল অধিনায়ক চলে যান মাঠের বাইরেই। সুযোগটা কাজে লাগিয়েছেন জানুয়ারিতেই দলে আসা ডিয়েগো লোপেজ। কোচের আস্থার প্রতিদান দেন দুর্দান্ত খেলে। কিন্তু শেষ পর্যন্ত লোপেজ জায়গা পাকা করতে পারবেন কি না, সেটা বলা মুশকিল!মরিনহো ক্যাসিয়াসের ওপর থেকে মুখ ফিরিয়ে নিলেও স্পেন ফুটবলে নায়কের আসনেই আছেন। স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক ঠিকই কনফেডারেশনস কাপের দলে রেখেছেন তাঁকে। কিন্তু দীর্ঘদিনের বিরতিতে গোলবারের নিচে দাঁড়াতে পারবেন আগের সেই চিরবিশ্বস্ত দুটি হাত নিয়ে? সংশয় জাগছে অনেকেরই মনে। তবে দেল বস্কের কোনো সংশয় নেই, ‘আমরা নিশ্চিত, সে ভালো ফর্মে আছে। আমরা ফ্রান্সে কথা বলেছিলাম, এরপর তার সঙ্গে কথা হয়নি। আমি নিশ্চিত, সে ভালো আছে। সে একটা চোটে ভুগছিল, সেটা কাটিয়ে উঠেছে। কয়েক মাস না খেললেও সেটি খুব বড় কিছু নয়। সে অনুশীলন করছে ও ভালো আছে। সে এই দলেরই একজন।’তবে লোপেজের ফর্ম যে দেল বস্ককে একটা দ্বিধায় ফেলে দিয়েছিল, সেটাও স্বীকার না করে পারেননি, ‘প্রতিদ্বন্দ্বিতা অনেক তীব্র। আমাদের কিছু দারুণ খেলোয়াড় আছে। সে (লোপেজ) অসাধারণ একটা মৌসুম কাটিয়েছে, কিন্তু ইকারের ওপর আমাদের ভরসা অনেক। যেমনটা আছে রেইনা ও ভালদেসের ওপর।’লোপেজ নিজেও জানেন নতুন কোচ এলে ব্রাত্য হয়ে পড়তে পারেন দলে। তবে হাল ছাড়তে রাজি নন মরিনহো-ভক্ত রিয়ালের গোলরক্ষক, ‘যখনই সুযোগ পেয়েছি, কাজে লাগানোর চেষ্টা করেছি। রিয়াল মাদ্রিদে হাল ছেড়ে দিলে তো চলবে না। আমি সব সময় নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করি।’ ওয়েবসাইট।