ক্যাসিয়াসের কারবোনেরো
সারা কারবোনেরোকে নিশ্চয়ই এখন আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। এই বিশ্বকাপে ভিয়া-ফোরলানদের মতো তিনিও এখন পরিচিত মুখ। খবরের সন্ধানে দক্ষিণ আফ্রিকায় গিয়ে এই স্প্যানিশ তরুণী নিজেই এখন খবর। স্পেনের ম্যাচ থাকলে ক্যামেরার চাতক চোখ ঠিকই তাঁকে খুঁজে নেয়। অবশ্য কারবোনেরো প্রথমে আলোচনায় এসেছিলেন সমালোচিত হয়েই। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছিল স্পেন সুইজারল্যান্ডের কাছে হেরে। সেই পরাজয়ের বড় দায় ছিল খোদ অধিনায়ক ইকার ক্যাসিয়াসের। দলের সবচেয়ে স্পর্শকাতর জায়গাটিই সামলানোর ভার যাঁর ওপর। সুইসদের কাছে পরাজয়ের ব্যবচ্ছেদ করতে গিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ক্যাসিয়াসের মনোযোগে ঘাটতি খুঁজে পাওয়া গিয়েছিল। নিন্দুকেরা হইহই করে উঠল—‘মনোযোগ থাকবে কী করে, গোলপোস্টের পেছনেই যে দাঁড়িয়ে ছিল তাঁর প্রেমিকা!’ হ্যাঁ, কারবোনেরো প্রেমিকাই। কিন্তু মাঠে ক্যাসিয়াসের পরিচয় যেমন হয়ে যায় পেশাদার ফুটবলারের, মাঠের খানিকটা বাইরে থাকা কারবোনেরোর পরিচয়ও তো পেশাদার সাংবাদিকের। স্প্যানিশ টিভি চ্যানেল টেলেসিনকোর হয়ে কাজ করেন। শুরুতে সেই অপবাদ মুখ বুজে সয়ে যাওয়া কারবোনেরো এখন দলের জন্য পয়মন্ত বিবেচিত হচ্ছেন। স্পেন যে শুরুর ওই ধাক্কা সামলে জিতে চলেছে একের পর এক ম্যাচ। উঠে এসেছে নিজেদের ইতিহাসে প্রথম ফাইনালে। পরশু সেমিফাইনাল শেষে সেটিরই প্রতিক্রিয়া জানতে কারবোনেরো মাইক্রোফোন এগিয়ে দিলেন ক্যাসিয়াস আর ডেভিড ভিয়ার দিকে। এএফপি।