ক্যাসিয়াসের চোখ ১০০-তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে ইকার ক্যাসিয়াসকে। কাল বুধবার ইউরোর সেমিফাইনালে স্পেন পর্তুগালকে হারালে আন্তর্জাতিক ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ জয়ের রেকর্ড গড়বেন স্প্যানিশ এই গোলরক্ষক।পর্তুগালের বিপক্ষে কালকের ম্যাচটি হবে আন্তর্জাতিক ফুটবলে ক্যাসিয়াসের ১৩৬তম ম্যাচ। শততম জয়টা পেতে হলে ক্যাসিয়াসের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ লিগে দুজন রিয়ালের সতীর্থ হলেও ক্যাসিয়াসের শততম জয়ের সম্ভাবনাকে মাটিচাপা দিয়ে নিজ দেশ পর্তুগালকে ফাইনালে তুলতে যে মরিয়া থাকবেন, সেটা বলার অপেক্ষা রাখে না।সর্বশেষ দুই ম্যাচে ৩ গোল করে দুর্দান্ত ফর্মে আছেন রোনালদো। তবে ক্যাসিয়াস মনে করেন, সেরা ফর্মটা এখনো দেখাতে পারেননি পর্তুগিজ উইঙ্গার। ‘রিয়ালে রোনালদো যেভাবে খেলে, রেকর্ড গড়ে, তা এক কথায় অবিশ্বাস্য। তবে আমি মনে করি না, এই মুহূর্তে ও সেরা ফর্মে আছে’—স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছেন ৩১ বছর বয়সী ক্যাসিয়াস।বাতাসে বল নিয়ন্ত্রণ রাখতে অনন্য রোনালদো। তাঁর বাঁকানো, ক্ষিপ্র শট ঠেকানো যেকোনো গোলরক্ষকের জন্যই কঠিন। রোনালদোর সঙ্গে নিয়মিত অনুশীলন করেন বলে ব্যাপারটা ক্যাসিয়াসের চেয়ে বেশি অন্য কারও জানার কথা নয়। সেই অভিজ্ঞতা থেকে ক্যাসিয়াস বলেন, ‘ও শট নিলে বল অনেক সময়ই অদ্ভুত আচরণ করে। এ কারণে বাড়তি সতর্ক থাকতে হবে আমাকে।’স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকেরও বেশ জানা আছে, নিজের দিনে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন রোনালদো। তবে পর্তুগাল যে শুধুই এক ব্যক্তি-নির্ভর দল নয়, এটাও মনে করিয়ে দিয়েছেন সতীর্থদের। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, এই দলে নানির মতো খেলোয়াড় আছেন। নানি অনেক সময় ম্যাচের পরিস্থিতি পাল্টে দিতে পারেন বলেই অভিমত পিকের। তিনি বলেছেন, নানির জোরাল শট প্রায়ই ভয়ংকর হয়ে ওঠে। সবশেষে তিনি জানিয়েছেন, রোনালদো ও নানিকে থামাতে সম্ভব সব ধরনের প্রস্তুতিই তাঁদের রয়েছে।