ক্যাসিয়াসের পাশে দেল বস্ক
দলের এক নম্বর গোলরক্ষক চোটে পড়লে কোচের জন্য সেটি সমস্যা। হোসে মরিনহোর জন্য হয়েছিল উল্টো। ইকার ক্যাসিয়াসের চোট তাঁর জন্য হয়ে এসেছিল সমাধান! দলের এক নম্বর গোলরক্ষক চোট সেরে ফিরে এলে কোচের খুশি হওয়াই উচিত। কিন্তু মরিনহোর জন্য ক্যাসিয়াসের দলে ফিরে আসা নিশ্চয়ই দুশ্চিন্তার ভাঁজ বাড়ানো! ক্যাসিয়াসকে আবারও বেঞ্চে বসিয়ে রাখার মতো কাজ করতে হচ্ছে। যার মানে একটাই—তাঁর দিকে আবারও ধেয়ে আসবে মাদ্রিদের সংবাদমাধ্যমের ছোড়া প্রশ্ন-তিরের বৃষ্টি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাসিয়াস দর্শক—ভাবা যায়!সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। ক্যাসিয়াসের ইনজুরির ফাঁকে সেভিয়া থেকে উড়ে এসে আয়েশ করে জুড়ে বসা ডিয়েগো লোপেজই এখন মরিনহোর পছন্দ। ক্যাসিয়াসের সঙ্গে তাঁর সম্পর্কের বরফটা যে গলেনি, তা-ও পরিষ্কার। সংবাদমাধ্যমের সমালোচনার কোনো পরোয়া মরিনহো করেন না, কোনো দিনও করেননি। ক্যাসিয়াসের জন্য তাই কঠিন সময়টা কেবলই লম্বা হচ্ছে। হাতের চোট সেরে ফিরে এলেও রিয়ালের বেঞ্চই গরম করতে দেখা যাচ্ছে তাঁকে। মরিনহোর সঙ্গে সম্পর্কের ফাটল নিয়ে নতুন খবরও এখন বাতাসে।এই সময় স্পেন অধিনায়কের পাশে এসে দাঁড়ালেন ভিসেন্তে দেল বস্ক। সরাসরি না হলেও পরোক্ষে মরিনহোর সমালোচনা করেছেন স্পেন কোচ। তাঁর অভিমত ‘কিংবদন্তি’ ক্যাসিয়াসকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না, ‘আমরা জানি সে স্প্যানিশ ফুটবলের একজন কিংবদন্তি। ওর যা কিছু অর্জন, আর কেউ-ই তা পারেনি। অথচ ১০ দিনের মধ্যেই ওকে কি অস্বস্তিতেই না ফেলে দেওয়া হলো। আমি তো কল্পনাও করতে পারি না ইংল্যান্ডে কেউ পিটার শিলটনকে (কিংবদন্তি ইংলিশ গোলরক্ষক) বা অন্যান্য দেশে সেই দেশের কিংবদন্তি খেলোয়াড়দের কেউ এই অবস্থার মধ্যে ফেলেছে। আমরা এ কারণেই জাতীয় দলকে এত কিছু দিয়েছে এমন খেলোয়াড়দের আগলে রাখতে বাধ্য।’৩১ বছর বয়সে স্পেনের হয়ে মাত্র একটা ম্যাচ খেলা লোপেজকে তার পরও নিজের প্রথম পছন্দের গোলরক্ষক দেল বস্ক বানাবেন না। এখনো ক্যাসিয়াসেই তাঁর আস্থা। স্পেনের হয়ে রেকর্ড ১৪৩টি ম্যাচ খেলা ক্যাসিয়াস ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরোর শিরোপাত্রয়ী জিতেছেন। বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপেও স্পেনের গোলপ্রহরী হিসেবে ক্যাসিয়াসকেই দেখতে চান দেল বস্ক, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে সেরে উঠছে, অনুশীলন করছে। তা ছাড়া আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্যও যথেষ্ট সময় এখনো হাতে আছে। তবে আমাকে বলতেই হবে, সে আমাদের খেলোয়াড়। অন্যতম সেরা, যে কিনা আমাদের হয়ে ১৪০টিরও বেশি ম্যাচ খেলেছে। ওর প্রতি আমাদের তাই অনেক ভালোবাসা। খুবই স্বাভাবিক সেও আমাদের সঙ্গে (কনফেড কাপে) থাকবে।’ এএফপি, রয়টার্স।