ক্যাসিয়াসের ফেরার লড়াই
তাঁকে ভক্তরা ভালোবেসে ডাকে সেন্ট ইকার নামে। তাঁর ভাবভঙ্গিও সাধু-সন্তের মতো। নির্বিকার, নিশ্চল, ভাবনাহীন, শান্ত। তবে ইকার ক্যাসিয়াসকে এখন ‘এল ম্যাটাডোর’ নামেও ডাকতে পারেন। স্পেন অধিনায়ক যে এবার নামছেন লড়াইয়ে। তাঁর জন্য যা একেবারেই নতুন—এই লড়াই যে দলে জায়গা ফিরে পাওয়ার!সমর্থকদের সমাগত বড়দিনের আগে একটা বিস্ময় উপহার দিয়েছিলেন হোসে মরিনহো। মালাগার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে বাদ দিয়েছিলেন ক্যাসিয়াসকে। গত ১০ বছরে যা ঘটেনি। রিয়ালের আগের নয় কোচও সেই দুঃসাহসও দেখাতে পারেনি। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত অনেকগুলো গুঞ্জনকে উসকে দিয়েছিল। অনেকেরই চোখে এ মুহূর্তে বিশ্বের এক নম্বর গোলরক্ষক বলছেন, ‘আমি ঠিকই আছি। অনুশীলন করছি। আমাকেও প্রতিটি দিনই উন্নতি করতে হবে। আমি তো আর যন্ত্র নই। আমাকেও ভুল থেকে শিখতে হয়। অবশ্যই এমন কিছু মুহূর্ত আসে, যখন আপনি আগের চেয়ে ভালো কিংবা খারাপ। তবে সত্যি বলছি, আমি এখন ভালোই আছি।’ ক্যারিয়ারের পুরোটাই রিয়ালে কাটিয়ে দেওয়া, ক্লাবটির সমর্থকদের নয়নমণি ক্যাসিয়াস দিয়েছেন দলে ফিরে আসার লড়াইয়ের ঘোষণা, ‘আমাকে লড়তে হবে, যুদ্ধ করতে হবে, চেষ্টা করতে হবে দলে জায়গা ফিরে পাওয়ার। এটাই এখন আমার লক্ষ্য।’ কবে ফিরবেন তিনি? ক্যাসিয়াসের উত্তর, ‘আমি আশাবাদী, কোচ আমাকে এই রোববারেই (রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে) একাদশে নেবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কোচ যে ১১ জনকে নিচ্ছেন, তারা মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে কিনা। এই প্রতিষ্ঠান এবং এই ক্লাব ক্যাসিয়াসের চেয়ে অনেক বড়।’তাঁকে বাদ দেওয়া নিয়ে দলে উত্তেজনা তৈরি হয়েছে বলে যে খবর, সেটাও উড়িয়ে দিলেন ক্যাসিয়াস, ‘শব্দটা ঠিক উত্তেজনা নয়। আসলে লিগে এখন যে অবস্থা, এমন কিছু পরাজয় এসেছে, যেগুলো অবশ্যই অপ্রত্যাশিত। আমরা জিততেই চাই, যখন সবকিছু ঠিকঠাকমতো হয় না, আমরা ব্যথিত হই। কারণ নিজেদের জন্য তো বটেই, সমর্থকদের জন্যও আমরা জিততে চাই।’ বছরের প্রথম সংবাদ সম্মেলনে ক্যাসিয়াসের আশা, নতুন বছরে নতুন পথে যাত্রা শুরু করবে। এএফপি, রয়টার্স।