ক্যাসিয়াসের রেকর্ডের রাত

রোনালদো গোল পেলেন না। অ্যাঙ্গেল ডি মারিয়া কিংবা ইসকোরাও না। করিম বেনজেমাকে তো মাঠেই নামাননি কোচ, আর চোটের কারণে গ্যারেথ বেল দলেই ছিলেন না। রিয়াল মাদ্রিদ জিতল হেসের দেওয়া একমাত্র গোলে। রোনালদো-বেনজেমা-বেল কিংবা ডি মারিয়ারা না থাকলে যাঁর প্রথম একাদশে ডাক পড়ে মাঝেমধ্যে।
বোঝাই যাচ্ছে, জয়টা ‘রিয়ালসুলভ’ হয়নি। তবে পরশু রাতে এসপানিওলের বিপক্ষে এই জয়ই রিয়ালকে তুলে দিল কোপা ডেল রের সেমিফাইনালে। প্রথম লেগেও ১-০ গোলে জয়, দুই লেগ মিলিয়ে রিয়াল জিতল ২-০ ব্যবধানে। শেষ চারে ওদের প্রতিপক্ষ হতে পারে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা বিলবাও। এটাও নিশ্চিত হয়ে যাওয়ার কথা কাল রাতের আরেকটি কোয়ার্টার ফাইনালেই। কোচ কার্লো আনচেলত্তি অবশ্য বলছেন, ‘আমাদের জন্য সব প্রতিপক্ষই সমান। দুই দলই ভালো ফর্মে আছে। সবাই অ্যাটলেটিকোকে দেখেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে বিলবাও খুব ভালো খেলে, ওরাও কঠিন দল।’
কোয়ার্টার ফাইনালে রিয়ালের জয় নিয়ে খুব বেশি সন্দেহ ছিল না কখনোই। তবে সাদামাটা এই জয়ে রিয়ালের আসল প্রাপ্তি হেসে, মোরাতা আর নাচো ফার্নান্দেজের মতো বয়সভিত্তিক দল থেকে উঠে আসা তরুণদের পারফরম্যান্স। রিয়াল একাডেমির এই তরুণেরা দিনে দিনে জানান দিচ্ছেন, সুযোগ পেলে তাঁরাও প্রথম একাদশে স্থায়ী জায়গা নিতে প্রস্তুত। ম্যাচ শেষে এঁদের নিয়ে মুগ্ধতা রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াসের কণ্ঠেও, ‘হেসে, মোরাতা, ক্যাসেমিরো আর নাচোরা দেখিয়েছে যে ওরা প্রথম একাদশের খেলোয়াড় হয়ে উঠেছে।’
এটা তরুণদের নিয়ে ক্যাসিয়াসের মুগ্ধতা। কিন্তু রিয়াল গোলরক্ষককে নিয়ে মুগ্ধ ও গর্বিত হতে পারেন তাঁর কোচ ও সহখেলোয়াড়েরাও। পরশু রাতে আরও একবার রিয়ালের জাল সুরক্ষিত রেখেছেন কিংবদন্তির গোলরক্ষক। লিগে প্রথম গোলরক্ষক হিসেবে ডিয়েগো লোপেজের কাছে জায়গা হারিয়েছেন। তবে কাপ আর চ্যাম্পিয়নস লিগে খেলেই ক্যাসিয়াস টানা ৬৮২ মিনিট সুরক্ষিত রেখেছেন রিয়ালের গোলপোস্ট। গড়েছেন ক্লাবের হয়ে সবচেয়ে বেশি সময় পোস্ট অক্ষত রাখার নতুন রেকর্ড। ১৯৯৪-৯৫ মৌসুমে রিয়ালের হয়ে টানা ৬৫৮ মিনিট গোল না খাওয়ার আগের রেকর্ডটা করেছিলেন ফ্রান্সিসকো বয়ো। কৃতিত্বটা অবশ্য ক্যাসিয়াস ভাগাভাগি করে নিয়েছেন সহখেলোয়াড়দের সঙ্গে, ‘আমি আনন্দিত। এর কৃতিত্ব শুধু আমার নয়, দলেরও। কারণ এখানে আমাদের ডিফেন্ডারদেরও অবদান আছে।’
সব মিলিয়ে দারুণ সময় যাচ্ছে রিয়ালের। এ বছর এখন পর্যন্ত ৮টি ম্যাচে রিয়ালের জালে কোনো গোল হয়নি। এ সময় তারা প্রতিপক্ষের জালে দিয়েছে ১৭ গোল! এএফপি।