ক্যাসিয়াসের সেরা দুজনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিতর্কে দুই ভাগ হয়ে যায় পুরো ফুটবল-বিশ্ব। কারও কাছে বর্তমান সময়ের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, কারও কাছে লিওনেল মেসি। ইকার ক্যাসিয়াস বেছে নিলেন নিরাপদ পথ। কোনো একজনের নাম বলে আরেক পক্ষকে নাখোশ করতে চাননি ‘সন্ত’ ইকার। স্পেন ও রিয়াল মাদ্রিদ অধিনায়কের কাছে সেরা দুজনই! ক্যাসিয়াসের এই কথা অবশ্য নতুন নয়। গত মৌসুমের শেষ দিকে মেসি-রোনালদো যখন পাল্লা দিয়ে গোল করে চলেছেন, সময়ের সেরা ফুটবলার বিতর্কটা যখন জমজমাট, তখনো ক্যাসিয়াসের ভোট দুই ভাগ হয়ে গিয়েছিল। এবার মেক্সিকোর ইউনিভিশন টিভিকে দেওয়া সাক্ষাৎকারেও একই কথা বললেন অভিজ্ঞ গোলরক্ষক, ‘আমরা কথা বলছি বিশ্বের সেরা দুই ফুটবলারকে নিয়ে এবং এই বিতর্ক কখনোই শেষ হওয়ার নয়। কারও কাছে মেসি সেরা, কারও কাছে রোনালদো। আমি তো দুজনের একজনকে বেছে নিতে পারছি না। আমার কাছে দুজনই সেরা।’তার পরও যদি একজনকে বেছে নিতে হয়, তাহলে অবশ্য ক্লাব সতীর্থকেই বেছে নেবেন ক্যাসিয়াস, ‘যদি একজনকে বেছে নিতেই হয়, আমি ক্রিস্টিয়ানোকে নেব। তবে সেটি এই কারণে যে ক্লাবে একসঙ্গে খেলি বলে ওকে আমি খুব ভালোভাবে জানি।’ কোনো একজনকে যে অবিসংবাদিত সেরা বলা যাচ্ছে না, এটার ইতিবাচক দিকও দেখছেন বিশ্বকাপ ও দুটি ইউরোজয়ী অধিনায়ক, ‘সেরা ফুটবলার খুঁজতে গেলে দুজনের নাম উঠে আসে। এই প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের জন্যই ভালো। কোনো একজন সেরা থাকলে এই মজাটা থাকত না।’ ওয়েবসাইট।