ক্যাস্ট্রলের সঙ্গে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, রবি শাস্ত্রী—এঁদের দলে নাম লেখালেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। কোনো ক্রিকেট টুর্নামেন্টে নয়, লুব্রিকেন্ট কোম্পানি ক্যাস্ট্রলের শুভেচ্ছাদূত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আগেই ক্যাস্ট্রলের শুভেচ্ছাদূত হয়েছেন টেন্ডুলকার, রাহুল ও রবি শাস্ত্রী। কাল ক্যাস্ট্রলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সাকিব আল হাসানও। আগামী তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।ক্রিকেট নিয়ে ক্যাস্ট্রলের বিভিন্ন উদ্যোগ বিশেষ করে প্রতিষ্ঠানটির বাংলাদেশে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে সাকিব মুখপাত্র হিসেবে কাজ করবেন। ক্যাস্ট্রলের সঙ্গে নতুন সম্পর্কে দারুণ রোমাঞ্চিত সাকিব, ‘আমি খুবই আনন্দিত। ক্যাস্ট্রলের সঙ্গে আমার জুটিটা খুব জমবে।’শুধু সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত করেই থেমে থাকেনি মোটর অয়েল ও লুব্রিকেন্ট কোম্পানিটি। এবারের বিশ্বকাপে গ্রাহকদের জন্যও খেলা দেখার সুযোগ রেখেছে ক্যাস্ট্রল। ‘ক্যাস্ট্রল কিনে হয়ে যান বিশ্বকাপের হিরো’—এমন একটা কর্মসূচিও হাতে নিয়েছে তারা। কোনো গ্রাহক ক্যাস্ট্রল পণ্য কিনলে তিনি পাবেন নিশ্চিত উপহার ও স্ক্র্যাচ কার্ড। সেটা ঘষে নির্দিষ্ট নাম্বারে এসএমএস করা ভাগ্যবান বিজয়ীদের দেওয়া হবে বিশ্বকাপের খেলা দেখার টিকিট। আর বিজয়ীদের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে মহাভাগ্যবান একজনকে। তিনি গ্যালারিতে খেলা দেখবেন বিশেষ এক দর্শক হিসেবে। দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলোর সঙ্গেও যুক্ত হয়েছে ক্যাস্ট্রল ও রহিমআফরোজ। বিশ্বকাপের সময় প্রথম আলোর সঙ্গে যুগ্মভাবে কুইজের আয়োজন করবে তারা। বিজয়ীদের জন্য থাকবে নানা পুরস্কার। থাকবে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট, সাকিব আল হাসানের অটোগ্রাফ-সংবলিত ব্যাট ও রহিমআফরোজ আইপিএস।কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ক্যাস্ট্রলের দক্ষিণ এশীয় অঞ্চলের সিনিয়র জেনারেল ম্যানেজার বিকাশ গুপ্ত। উপস্থিত ছিলেন রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের প্রধান নির্বাহী পারভেজ সাইফুল ইসলাম। ছিলেন বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম।