আপাতদৃষ্টিতে সামান্য একটা ফোনকল। সেটাই ওলট-পালট করে দিল সব। তখনকার দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হানসি ক্রনিয়ের ফোনে আড়ি পেতেছিল দিল্লি পুলিশ। আর তাতেই ধরা পড়ল সন্দেহভাজন জুয়াড়ি সঞ্জয় চাওলার সঙ্গে তাঁর কথোপকথন। যে কথোপকথনের সূত্র ধরে উঠে এল বিশ্বক্রিকেটের বিরাট এক অন্ধকার জগতের ছবি। বিশ্বক্রিকেটের ভিতই নাড়িয়ে দিয়েছিল ২০০০ সালের স্পট ফিক্সিং কেলেঙ্কারি। অনেক প্রতিষেধকের পরও যে ‘রোগ’ নির্মূল হয়নি বলেই বোঝা যাচ্ছে। ফিক্সিংয়ের ঘটনাবলির আদ্যন্ত নিয়ে তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব: ৭ এপ্রিল, ২০০০: প্রথম আঘাত!ক্রিকেটে ম্যাচ পাতানো কেলেঙ্কারির তথ্য প্রথম প্রকাশিত হয় এ দিন। চমকে যায় গোটা বিশ্ব। অধিনায়ক হানসি ক্রনিয়েসহ দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ আনে দিল্লি পুলিশ। ভারতীয় ব্যবসায়ী, সন্দেহভাজন জুয়াড়ি সঞ্জয় চাওলার সঙ্গে ক্রনিয়ের কথোপকথনের রেকর্ড প্রকাশ করা হয়। হার্শেল গিবস, পিটার স্ট্রাইডম, নিকি বোয়ের মতো ক্রিকেটাররাও চাওলার কাছ থেকে টাকা খেয়েছেন বলে অভিযোগ ওঠে। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাচ পাতানোর এই অভিযোগ জোর গলায় অস্বীকার করেন ক্রনিয়ে।১১ এপ্রিল, ২০০০: ক্রনিয়ের দোষ স্বীকারপ্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও ক্রনিয়ে শেষ পর্যন্ত স্বীকার করেন, ওয়ানডে সিরিজ চলার সময় অর্থের বিনিময়ে ‘তথ্য পাচার’ করেছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক আলী বাখারকে ক্রনিয়ে জানান, তথ্য পাচার ও ভবিষ্যদ্বাণী করার বিনিময়ে ১০ থেকে ১৫ হাজার মার্কিন ডলার নিয়েছেন তিনি। তবে ম্যাচ পাতাননি। দোষ স্বীকার করায় ক্রনিয়েকে বহিষ্কার করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।২০ এপ্রিল, ২০০০: আম্পায়ারদের ‘বোমা’ক্রিকেটারদের ফিক্সিং বিতর্ক নিয়ে যখন আলোচনার ঝড় বইছে, তখন ‘বোমা’ ফাটানোর মতো তথ্য দেন দক্ষিণ আফ্রিকার দুই আম্পায়ার। সাইরিল মিচলে ও রুডি কোয়ের্তজেন জানান, ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে বিভিন্ন সময় অর্থের প্রস্তাব পেয়েছিলেন তাঁরাও।২৮ এপ্রিল, ২০০০: সিবিআইকে তদন্তের নির্দেশভারতীয় কোনো ক্রিকেটার বা কর্মকর্তা ম্যাচ পাতানোয় জড়িত কি না, তা খতিয়ে দেখতে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে নির্দেশ দেয় দেশটির সরকার।৩০ এপ্রিল, ২০০০: শ্রীলঙ্কাকে জড়িয়ে খবর‘সানডে টাইমস’ পত্রিকার খবর, ১৯৯২ সালে অস্ট্রেলিয়া সফরের সময় ভারতীয় জুয়াড়িদের প্রস্তাব পেয়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার রোশন মহানামা, অশঙ্কা গুরুসিনহা ও সনাত্ জয়াসুরিয়া। খবরে বলা হয়, ম্যাচের তথ্য দেওয়ার বিনিময়ে ক্রিকেটারদের অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পরবর্তী সময়ে জানায়, তদন্তের সময় কোনো ধরনের সহায়তা করেননি ক্রিকেটাররা।৬ মে, ২০০০: তদন্তে অস্ট্রেলিয়াওম্যাচ ফিক্সিং ও ঘুষ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে একজন স্বাধীন তদন্তকারী নিয়োগ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ১৯৯৪ সালে শ্রীলঙ্কা সফরের সময় আবহাওয়া ও পিচ-সম্পর্কিত তথ্য জুয়াড়িদের কাছে পাচার করে শাস্তি পাওয়া শেন ওয়ার্ন ও মার্ক ওয়াহর ব্যাপারে খতিয়ে দেখতে অস্বীকৃতি জানায় বোর্ড। ২৪ মে, ২০০০: বিচারক কাইয়ুমের প্রতিবেদনদীর্ঘ এক বছরের তদন্তের পর পাকিস্তানি বিচারক মালিক মোহাম্মদ কাইয়ুম ম্যাচ পাতানোয় পাকিস্তানি ক্রিকেটারদের সংশ্লিষ্টতার ওপরে প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, সাবেক অধিনায়ক সেলিম মালিক ও মিডিয়াম পেসার আতাউর রেহমানের বিরুদ্ধে ম্যাচ পাতানোয় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই দুই ক্রিকেটারকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। প্রতিবেদনে ওয়াসিম আকরাম ও মুশতাক আহমেদকে ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক না করারও সুপারিশ করা হয়। ৭ জুন, ২০০০: প্রোটিয়া ক্রিকেটারদের স্বীকারোক্তিদক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটার ‘কিং কমিশনের’ কাছে ম্যাচ পাতানোর ব্যাপারে স্বীকারোক্তি দেন। প্যাট সিমকক্স জানান, ১৯৯৪-৯৫ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ ছেড়ে দিতে তাঁকে প্রস্তাব দিয়েছিলেন ক্রনিয়ে। ১৯৯৬ সালে ভারত সফরে একটি ওয়ানডেতে হেরে যাওয়ার জন্যও ক্রনিয়ে তাঁকে ২ লাখ ৫০ হাজার ডলার দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। পরবর্তী সময়ে হার্শেল গিবস, হেনরি উইলিয়ামস ও পিটার স্ট্রাইডম স্বীকার করেন, বছরের গোড়ার দিকে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে ইচ্ছাকৃত খারাপ পারফরম্যান্স করতে তাঁদের অর্থ-প্রস্তাব দিয়েছিলেন ক্রনিয়ে।নিকি বোয়ে অবশ্য বিস্ময় প্রকাশ করে কিং কমিশনের কাছে দাবি করেন, তিনি নির্দোষ। এমনকি ক্রনিয়ের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার কথাও অস্বীকার করেন তিনি।১০ জুন, ২০০০: ক্রনিয়েকে দায়মুক্তির প্রস্তাবক্রিকেটারদের স্বীকারোক্তির পর ক্রনিয়েকে দায়মুক্তির প্রস্তাব দেয় কিং কমিশন। প্রস্তাবে বলা হয়, ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িত থাকার বিস্তারিত তথ্য প্রকাশ করলে দায়মুক্তি দেওয়া হবে ক্রনিয়েকে।(দ্বিতীয় পর্ব আগামীকাল)