ক্রনিয়ের নামে চার্জশিটে বিস্মিত তাঁর বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যানসি ক্রনিয়ে
হ্যানসি ক্রনিয়ে

তিনি তো মৃত। জাগতিক ব্যাপার-স্যাপারের অনেক ঊর্ধ্বে চলে গেছেন। ১৩ বছর আগে ম্যাচ গড়াপেটার অভিযোগে অভিযুক্ত হ্যানসি ক্রনিয়ের নাম এখন চার্জশিটে অন্তর্ভুক্ত করলেও কী, আর না করলেও কী! তিনি তো আর মর্ত্যে নেমে এই অভিযোগের জবাব দিতে পারবেন না। তাই ১৩ বছর পর দিল্লি পুলিশ যখন ক্রিকেট-দুনিয়ার ভিত কাঁপিয়ে দেওয়া অভিযোগের চার্জশিট দায়ের করল, তখন সেখানে হ্যানসি ক্রনিয়ের নাম অন্তর্ভুক্তির কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তাঁর বাবা ইউয়ে ক্রনিয়ে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার এক দৈনিকে দেওয়া সাক্ষাত্কারে ব্যাপারটি নিয়ে ইউয়ের কণ্ঠে ঝরেছে একরাশ হতাশা। ২০০২ সালে এক রহস্যময় বিমান দুর্ঘটনায় ছেলেকে হারিয়েছেন। সেই কষ্ট বয়ে নিয়ে বেড়ানোর মাঝে দিল্লি পুলিশের সাম্প্রতিক চার্জশিট যেন বিষমাখানো তির হয়ে এসেছে তাঁর কাছে, ‘১৩ বছর আগেই তো তাঁরা হ্যানসির বিরুদ্ধে অভিযোগ গঠনের সুযোগ পেয়েছিল। কিন্তু ওই সময় তো কিছুই করতে পারেনি। এখন আমার মৃত ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে কী করতে পারবে?’

ঠিক কী কারণে প্রয়াত এই ক্রিকেটারের বিরুদ্ধে এত দিন পর চার্জশিট দিল পুলিশ, তা স্পষ্ট নয়। তা ছাড়া ম্যাচ পাতানোর সেই কেলেঙ্কারিতে ক্রনিয়ের সহযোগী হিসেবে আরও অনেকেই অভিযুক্ত হলেও কেবল তাঁর নামেই দিল্লি পুলিশ অভিযোগ গঠন করেছে। এটিও অনেকের কাছে বিস্ময়কর লাগছে। ২০০০ সালে এই দিল্লি পুলিশই ম্যাচ গড়াপেটার অভিযোগে হ্যানসি ক্রনিয়ের সঙ্গে নিকি বোয়ে ও হার্শেল গিবসের কথাও উল্লেখ করেছিল। এখন শুধু মৃত হ্যানসির নাম চলে আসাটাকে বাবা ইউয়ের কাছে রীতিমতো হাস্যকর ব্যাপারই মনে হচ্ছে।

১৩ বছর আগে অভিযুক্ত ক্রনিয়ে দক্ষিণ আফ্রিকার ট্রুথ কমিশনে স্বীকারোক্তিও দিয়েছিলেন। স্বীকার করেছিলেন ম্যাচ গড়াপেটার এই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। জুয়াড়িদের কাছ থেকে অর্থ নিয়ে তিনি ভারতের বিপক্ষে একটি ম্যাচ পাতিয়েছিলেন। পরিণতিতে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে হয় এই সাবেক প্রোটিয়া অধিনায়ককে।

দিল্লি পুলিশের সাম্প্রতিক চার্জশিটকে অবশ্য একটি ব্যাপারে ইতিবাচক হিসেবে দেখছেন ইউয়ে ক্রনিয়ে। তাঁর মতে, এর মাধ্যমে ক্রীড়াঙ্গনে অনৈতিক জুয়ার সঙ্গে জড়িত জুয়াড়িদের শাস্তি হওয়ার একটা পথ তৈরি হলো। কিন্তু যত যা-ই হোক, তাঁর মৃত ছেলে যে একরাশ কলঙ্কের বোঝা মাথায় নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই দুঃখ তাঁর কোনো দিনই লাঘব হওয়ার নয়। সূত্র: জি নিউজ।