ক্রনিয়ের বাবার আক্ষেপ
ম্যাচ পাতানোর কলঙ্ক মাথায় নিয়ে দুনিয়া ছাড়তে হয়েছে। হানসি ক্রনিয়ের পরিচয় এখনো কলঙ্কিত নায়ক। তবে একজন সেটা মানতেই পারেন না। ছেলেকে কলঙ্কিত মানতে নারাজ হানসির বাবা। ইউয়ি ক্রনিয়ের যুক্তি, ‘আমাকে প্রমাণ দেখান!’
ইউয়ি ক্রনিয়ে নিজেও ছিলেন ক্রিকেটার। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ২৭টি। এরপর ধারাভাষ্য দিয়েছেন দীর্ঘদিন। এখন বয়স ৭৪, স্ত্রীর সঙ্গে কাটাচ্ছেন অখণ্ড অবসর। মনে পুষে রেখেছেন ছেলে হারানোর বেদনা আর আক্ষেপ। গোটা দুনিয়ার কাছে যেন হানসি সিনিয়রের প্রশ্ন, ‘হানসি কী করেছে? আমাকে প্রমাণ দেখান। আমি অনেকের কাছেই জানতে চেয়েছি আমার ছেলে কী ভুল করেছে, কোন ম্যাচ পাতিয়েছে? দিনের পর দিন প্রশ্নের উত্তর খুঁজে বেড়িয়েছি, কিন্তু কেউ আমাকে সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি।’
হানসি নিজেই ফিক্সিংয়ে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করার পরই সবাই জানতে পেরেছিল। তবু বাবার দাবি, কোনো প্রমাণ নেই, ‘এটা কখনোই প্রতিষ্ঠিত হয়নি। এ জন্যই আমি জিজ্ঞেস করছি, সে কী করেছে? কোন ম্যাচ পাতিয়েছে? ওকে নিষিদ্ধ করা উচিত হয়নি মোটেও।’ তবে এই দাবিতে যে বাস্তবতার চেয়ে আবেগটাই মিশে আছে বেশি, সেটার প্রমাণ ইউয়ির আরেকটি কথাতেই, ‘হানসি দারুণ ছেলে ছিল, খুবই বাধ্য সন্তান, ভালো ক্রিকেটার, অসাধারণ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অধিনায়ক সে।’ ওয়েবসাইট।