
মাত্র ৩২ বছর বয়সে ধরণির মায়া কাটিয়ে চলে গিয়েছেন না ফেরার দেশে। হ্যানসি ক্রনিয়ের জীবনের গল্পটাকে কী বলা যায়—ক্রিকেটীয় রূপকথা না গ্রিক ট্র্যাজেডি? ক্রিকেট ইতিহাসে একজন ‘চিরন্তন নায়ক’ হিসেবে অমর হওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, ক্রিকেট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক পরিচিত হলেন ম্যাচ গড়াপেটার ‘খলনায়ক’ হিসেবে!
১৮ জানুয়ারি ২০০০। ঠিক ১৩ বছর আগে আজকের এদিনে সেঞ্চুরিয়ানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক টেস্ট জয় পেয়েছিল ইংল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচের শেষ দিনে এক বলও ব্যাটিং না করে ইনিংস ঘোষণা করে দেন ক্রনিয়ে। নিশ্চিত ড্রয়ের পথে হাঁটতে থাকা ম্যাচটি এ অবিশ্বাস্য ঘোষণায় প্রাণ ফিরে পায়। সেঞ্চুরিয়ানের ম্যাচটিতে প্রথম দিন খেলা হয়েছিল। প্রথম দিনের অর্ধেকটা, এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন পুরো বৃষ্টিতে ভেসে যায়। পঞ্চম ও শেষ দিন, তখনো দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসই শেষ হয়নি।
যে ম্যাচটায় ড্র হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, সেই ম্যাচে নতুন পথ খুঁজে বের করলেন ক্রনিয়ে। ধুরন্ধর ক্রিকেট মস্তিষ্কের কারণে সে সময় চারদিক থেকে প্রশংসিত ক্রনিয়ে ৮ উইকেটে ২৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে দিল। এরপর ইংল্যান্ড এক বলও না খেলে ঘোষণা করে দিল প্রথম ইনিংস। বিনিময়ে দক্ষিণ আফ্রিকাও ব্যাট করল না দ্বিতীয় ইনিংসে। ফলে সমীকরণ দাঁড়াল এমন—৭৬ ওভারে ২৪৯ রান করলে ম্যাচ জিতবে ইংল্যান্ড, আর ১০ উইকেট তুলে নিতে পারলে দক্ষিণ আফ্রিকা!
চরম নাটকীয়তার জন্ম দিয়ে ২ উইকেট আর দিনের খেলার মাত্র ৫ বল বাকি থাকতে ম্যাচটা জিতে নিল ইংল্যান্ড। সাহসী সিদ্ধান্তের ‘বলি’ হিসেবে ম্যাচ হারলেন ক্রনিয়ে, তবে বেশ প্রশংসিতও হলেন এমন একটা সাহসী সিদ্ধান্তের জন্য।
সে সময়ে বেশ আলোচনার খোরাক জুগিয়েছিল এই ম্যাচটি। কিন্তু পরে জানা গিয়েছিল ভিন্ন এক গল্প। সেই ইনিংস ঘোষণার সিদ্ধান্তের পেছনে লুকিয়ে ছিল ক্রনিয়ের ম্যাচ গড়াপেটার কৌতূহল-জাগানিয়া কলঙ্কিত অভিলাষ!
পঞ্চম দিনের শুরুতে ক্রনিয়ে ছুটে গিয়েছিলেন ইংল্যান্ড ড্রেসিং রুমে, ওই সময়ের ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেনের কাছে। ইংলিশ অধিনায়কের কাছে ক্রনিয়ে জানতে চেয়েছিলেন, কত রানের লক্ষ্যে ইংল্যান্ড ব্যাট করতে চাইবে। নাসের হুসেইন ৭৩ ওভারে ২৭০ রানের টার্গেটে ব্যাট করার কথা বলেছিলেন। ইংলিশ অধিনায়ক ক্রনিয়ের সেই প্রস্তাবের স্মৃতি রোমন্থন করে লিখেছিলেন, ‘ফ্লেচ এবং আমি সতর্ক কৌশল অবলম্বন করতে চেয়েছিলাম। প্রথম সেশনটা পর্যবেক্ষণ করতে চেয়েছিলাম।’ প্রথম দিনের বোলিং-বান্ধব উইকেট ও টানা তিন দিনের বৃষ্টি শেষে ক্রনিয়ের প্রস্তাবে রাজি হয়ে হুটহাট ব্যাটিংয়ের সিদ্ধান্ত হতো হঠকারিতার সমতুল্য। সে সময়ের ইংল্যান্ড দলের অন্যতম ভরসা মাইক আথারটন বলেছিলেন, ‘তিন দিনের বৃষ্টি শেষে উইকেট কেমন আচরণ করবে সেটা নিশ্চিত না জেনে প্রস্তাবে রাজি হওয়াটা আমাদের কাছে স্রেফ পাগলামি মনে হয়েছিল।’
দক্ষিণ আফ্রিকা ব্যাটিং শুরুর পর বোঝা গেল, বোলিং-বান্ধব উইকেট অনেকটাই ধার হারিয়ে ফেলেছে। লেজের দিকের দুই ব্যাটসম্যান শন পোলক এবং ল্যান্স ক্লুজনার বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালিয়ে যেতে পারছিলেন। এমন নিষ্ক্রিয় উইকেট দেখেই কিনা নাসের হুসেন দিনের ৪০ মিনিট পার হওয়ার পর বাজিয়ে দেখতে চাইলেন ক্রনিয়েকে। হুসেনের প্রস্তাব ছিল, ২৫০ রানের লক্ষ্যে ব্যাট করা যেতে পারে। এ প্রস্তাব আসলে দেওয়ার জন্যই দেওয়া। এমন অবাস্তব প্রস্তাবে ইংল্যান্ড অধিনায়ক নিজেও অবশ্য ভরসা পাচ্ছিলেন না। কিন্তু হুসেনকে একেবারে অবাক করে রাজি হয়ে গেলেন ক্রনিয়ে!
সাবেক ইংলিশ অধিনায়ক স্মৃতিচারণা করে বলেছিলেন, ‘ক্রনিয়ে কেবল বলেছিল, ‘‘ঠিক আছে’’। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কোনো রকম বাদানুবাদ নেই, কোনো কৌতুক নেই, কোনো দরকষাকষি নেই, আমরা কত ওভার ব্যাট করতে চাইব সে ব্যাপারেও কোনো অনুযোগ নেই।’
বরং হুসেনকে আরো সহজ প্রস্তাব দিয়েছিলেন ক্রনিয়ে। মূল প্রস্তাব থেকে ২৫ রান কম ও ৩ ওভার বেশি ব্যাটিং করার সুযোগ। অর্থাত্ হুসেনকে ৭৬ ওভারে ২৪৫ রান তাড়া করার ফিরতি প্রস্তাব দিয়েছিলেন ক্রনিয়ে। যদিও শেষ বলে পল অ্যাডামসের বাউন্ডারিতে ২৪৯ রানের লক্ষ্য নির্ধারিত হয়।
এরপর ক্রনিয়ে ম্যাচ রেফারি বেরি জারমেনের সঙ্গে দেখা করে ইনিংস ঘোষণার কথা জানিয়ে দেন। ব্যাট করতে নেমে ড্যারেন গফের ‘উইনিং বাউন্ডারি’তে শেষ পর্যন্ত ২ উইকেট ও ৫ বল হাতে রেখেই ম্যাচ পকেটে পুরে নেয় ইংলিশরা। অনভিজ্ঞ-আনকোরা বোলার স্ট্রাইড্রোমকে দিয়ে বল করানো, ভুল ফিল্ডিং সাজানো—সব মিলিয়ে ইংল্যান্ড জিতে নেয় না বলে ক্রনিয়ে ইংল্যান্ডকে জিতিয়ে দেন বলাই শ্রেয়!
আথারটন সেঞ্চুরিয়ান টেস্ট জয়ের ঘটনাকে তাঁর ক্যারিয়ারের ‘সবচেয়ে সস্তা জয়’ আখ্যা দিয়েছেন। সাবেক এ ইংলিশ অধিনায়ক লিখেছেন, ‘জীবনে ওই প্রথম কোনো টেস্ট ম্যাচ জয়ের পর নিজের ভেতর কোন উত্তাপ বোধ করিনি। এমন নয় যে, ম্যাচ গড়াপেটার আশঙ্কা করছিলাম। কিন্তু টেস্ট জিততে হলে সেটি সাধারণত অর্জন করেই জিততে হয়।’
বেশির ভাগ ক্রিকেটবোদ্ধা ও সংবাদমাধ্যম ক্রনিয়ের সিদ্ধান্তকে ‘টু দ্য ক্রিকেট স্পিরিট’ বলে অভিনন্দনই জানিয়েছিল। দুই-একটা চাপা গুঞ্জন যাও-বা শোনা গিয়েছিল, সেগুলো রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন ক্রনিয়ে। তখন তিনি এও দাবি করেছিলেন, বিস্ময়কর সেই ইনিংস ঘোষণায় সতীর্থদের সমর্থনও নাকি ছিল! যদিও পরে জানা গিয়েছিল, আসলে ও রকম আত্মঘাতী সিদ্ধান্তে সাজঘরে কারো সমর্থন ছিল না।
একই বছরের ১৩ এপ্রিল ক্রনিয়ের ম্যাচ গড়াপেটার সব কলঙ্ক উন্মোচিত হয়। একইভাবে উন্মোচিত হয় সেঞ্চুরিয়ান টেস্টের শেষ দিনে ‘প্রশংসিত’ ইনিংস ঘোষণার আড়ালে ঘাপটি মেরে থাকা ম্যাচ গড়াপেটার ঘৃণ্য গল্প। সেঞ্চুরিয়ান টেস্টের চতুর্থ দিন শেষে সন্ধ্যায় এক বুকির কাছ থেকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ম্যাচ গড়াপেটা করতে শেষ দিনে ইনিংস ঘোষণা করতে হবে। আর এর জন্য ‘চ্যারিটি তহবিলে’র জন্য ৫ লাখ র্যান্ড (প্রায় ৩৬ লাখ টাকা) পেতেন ক্রনিয়ে। প্রস্তাব পাওয়ার পর তাত্ক্ষণিক কোন সিদ্ধান্তের কথা জানাননি তিনি। পঞ্চম দিন সকালে নাসের হুসেনের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর সেই বুকিকে খুদেবার্তা পাঠান ক্রনিয়ে, ‘জুয়া শুরু হয়ে গেছে।’
এভাবেই ক্রিকেট স্পিরিটের আড়ালে সবার চোখে ধুলো দিয়ে ঘৃণ্য জুয়া খেলেছিলেন ক্রনিয়ে। যে কথিত চ্যারিটি কাজের জন্য ম্যাচ গড়াপেটা করেছিলেন, প্রতিশ্রুত সে অর্থও পাননি তিনি। শেষ অবদি এক লাখ র্যান্ড (সাত লাখ টাকার কিছু বেশি) আর একটা চামড়ার জ্যাকেটেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ক্রিকেট ইতিহাসের ট্র্যাজিক হিরো কিংবা খলনায়ককে!