ক্রনিয়ের 'পাপ' নিয়ে বললেন বাউচার

হানসি ক্রনিয়ে, ক্রিকেটের বড় ট্রাজেডি নাকি মস্ত বড় খলনায়ক? ১৩ বছর আগের সেই ঘটনা এলোমেলো করে দিয়েছিল মাঠ ও মাঠের বাইরের শুদ্ধতার প্রতীক হানসি ক্রনিয়ের জীবনটাকে। কেবল তাঁকে কেন, পুরো ক্রিকেটকেও কি আলোড়িত করেনি? চোখ কচলে, কানা খাড়া করে বারবার শুনতে হচ্ছিল—ঘটনা সত্য তো? ঘটনা শতভাগ সত্যই ছিল। কেননা, টেলিফোনে আড়ি পেতে রেকর্ড করা বুকিদের সঙ্গে ক্রনিয়ের কথোপকথন ততক্ষণে বাজারে ছেড়ে দিয়েছিল দিল্লি পুলিশ।
ক্রনিয়ের সেই মর্মন্তুদ ঘটনা স্মৃতির কবর থেকে আবারও বের করলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ মার্ক বাউচার। আত্মজীবনী ‘বুচ থ্রু মাই আইজ’ বইয়ে খোলাসা করেছেন ক্রনিয়ের ম্যাচ পাতানোর ঘটনা। বলেছেন, ‘সব সময় সন্দেহ হতো ক্রনিয়ে ম্যাচ পাতানোয় জড়িত ছিল। হাতেনাতে ধরা পড়েছিল এবং সে দোষী ছিল। আজীবন নিষিদ্ধের জন্য নিজেই দায়ী।’
বাড়িতে চুরি হলে তবেই গেরস্ত সতর্ক হয়। ক্রনিয়ে ক্রিকেটকে কলুষিত করলেও ক্রিকেট-বিশ্বকে বড় একটা ঘাই মেরেছিলেন বটে। সবাইকে নড়েচড়ে বসতে বাধ্য করেছিলেন। বুচারও তাই মনে করেন, ‘ভবিষ্যতে ক্রিকেট ম্যাচ পাতানোর হুমকি প্রতিরোধে কার্যকর প্রতিষেধক হিসেবে কাজ করবে তাঁর শাস্তি।’
স্মৃতিমেদুর বুচার নিজের বইয়ে জানিয়েছেন, ক্রনিয়ে একবার প্রেটোরিয়ায় অনুষ্ঠিত ইংল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত এক টেস্টে শূন্য রানেই ইনিংস ঘোষণা করেছিলেন। ফলে, শেষ দিনে ইংল্যান্ডে প্রয়োজনীয় রান তুলে ম্যাচটা জিতে নিয়েছিল দুই উইকেটে। এতে বেজায় চটেছিল সতীর্থরা। বুচার সেই স্মৃতির ঝাঁপি খুলে দিয়ে বলছেন, ‘সত্যি বলছি, এটি ছিল এক ভয়ংকর ভাবনা। ক্যালিসেরও ধারণা এটি ছিল ভুল সিদ্ধান্ত, ক্লুজনারেরও তা-ই। ড্রেসিংরুমে জুনিয়রদের ভাবনায় ছিল, এ ম্যাচ কখনোই হাতছাড়া হতে পারে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি নিশ্চয় প্রতিপক্ষকে জেতার সুযোগ করে দেবেন না। ফলে রাগের যথেষ্ট কারণ ছিল।’
ক্রনিয়ের ম্যাচ পাতানোর ঘটনা যখন চাউর হলো, বাউচার ডারবানের এক হোটেলে পুরো দলকে ডেকেছিলেন। বলেছিলেন, এসব ডাহা মিথ্যা। কিন্তু ওই দিনই সন্ধ্যায় দলের ম্যানেজার গুলাম রাজার ফোন পেয়েছিলেন বাউচার। ম্যানেজার জানিয়েছিলেন, সবকিছু স্বীকার করে ক্রনিয়ে একটি চিঠি লিখেছেন।
মানুষকে যুগে যুগে বাঁচিয়ে রাখে তাঁর কর্ম। এ ‘কর্ম’ কাউকে করে সুখ্যাত, কাউকে আবার কুখ্যাত। ক্রনিয়ের কপালে জুটেছে দ্বিতীয়টি। এ কারণেই বোধ হয় ২০০২ সালের জুনে কার্গো বিমান দুর্ঘটনায় জীবননদীর ওপারে চলে যাওয়ার পরও নিস্তার নেই তাঁর। খুঁচিয়ে খুঁচিয়ে বারবার বের করা হয় তাঁর দুষ্কর্মের খতিয়ান।