ক্রলির সেঞ্চুরিতে খেই হারা পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর ক্রলি
ছবি: এএফপি

কেউ ঘরোয়া ক্রিকেটে ভালো। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এসে ব্যর্থ হন। আবার কারও ক্ষেত্রে হয় উল্টোটা। ঘরোয়া ক্রিকেটে গড়পড়তা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পারফর্ম করার জন্মগত দক্ষতা থাকে তাদের। এবারের ইংলিশ গ্রীষ্মে দুই ধরনের ব্যাটসম্যানই খেলিয়ে দেখেছে ইংল্যান্ড।
জো ডেনলির কথাই ধরুন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ হাজারের বেশি রান। কিন্তু ১৫ টেস্টের আন্তর্জাতিক ক্যারিয়ারে কিছুই করে দেখাতে পারেননি। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের পর বাদ পড়ায় ডেনলির টেস্ট ক্যারিয়ার কার্যত শেষ। আবার প্রথম শ্রেণির ক্রিকেটে জ্যাক ক্রলির গড় ৩০.৮২। কিন্তু আজ সাউদাম্পটন টেস্টে ক্রলির ব্যাটিং যে কারও চোখ ছানাবড়া হতে বাধ্য। ২২ বছর বয়সী এই তরুণ আজ পাকিস্তানের বিপক্ষে খেলছিলেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট। কিন্তু আজ ক্রলি ১৭১ রানের দুর্দান্ত ইনিংস দেখে মনে হবে তিনি খেলছেন ৫০তম টেস্ট!

২২ বছর বয়সী এই তরুণ আজ পাকিস্তানের বিপক্ষে খেলছিলেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট। কিন্তু আজ ক্রলি ১৭১ রানের দুর্দান্ত ইনিংস দেখে মনে হবে তিনি খেলছেন ৫০তম টেস্ট!

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হোসেইন তো মুগ্ধ। ধারাভাষ্যে বলছিলেন, 'ইংল্যান্ডে খুব কম ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটের সিঁড়ি না বেঁয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে। ক্রলির যে ভিন্ন গোত্রীয়, সেটার প্রমাণ আজকের ইনিংস।' ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতেই যদি এমন চোখ আটকে ফেলা ব্যাটিং করেন, তাহলে এমন প্রশংসা তো পাবেনই।
সাউদাম্পটনের উইকেট ইনিংসটিকে আরও মহিমান্বিত করছে। টানা বৃষ্টির কারণে অপ্রস্তুত উইকেটেই খেলতে নামতে হয় দুই দলকে। সিম, সুইং শুরু থেকেই ছিল। কিন্তু বল স্বাভাবিক উচ্চতায় আসছিল না। অনেকটা নিচু হয়ে যাচ্ছিল কিপারের কাছে। ইনিংসের শুরুতেই ওপেনার রোরি বার্নস আউট হওয়ায় চাপ নিয়ে মাঠে নামতে হয় ক্রলিকে।
কিন্তু শাহিন শাহ আফ্রিদির প্রথম বলেই ফ্লিক শটে চার মেরে বাউন্ডারিতে পাঠিয়ে পাকিস্তানিদের দ্রুত রানের হুমকি দেন কেন্ট কাউন্টির এই তরুণ। চোখের পলকে ইংল্যান্ডের রান ৫০ রানে নিয়ে যান ক্রলি। লম্বা পায়ের দারুণ ব্যবহার দেখিয়েছেন ইনিংসের শুরুতে। মোহাম্মদ আব্বাসের নিখুঁত লেংথ প্রশ্নবিদ্ধ করেন দুই ধাপ এগিয়ে এসে খেলে। ছন্দপতন হয় লেগ স্পিনার ইয়াসিরেরও।

ইংল্যান্ডে খুব কম ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটের সিঁড়ি না বেঁয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে। ক্রলির যে ভিন্ন গোত্রীয়, সেটার প্রমাণ আজকের ইনিংস।
নাসের হুসেইন

প্রতি আক্রমণে দ্রুত রান তুললেও ইংল্যান্ড হারাতে থাকে উইকেট। ডম সিবলি আউট হন মধ্যাহ্ন বিরতির আগেই। জো রুট, ওলি পোপেরও ইনিংস লম্বা হয়নি। উইকেট পতনে রানের গতি কমাতে বাধ্য হন ক্রলি। তবু ৫০ রান করতে মাত্র ৮০ বল খরচা করেন। চাপের মুখে ক্রলির দরকার ছিল একজন সঙ্গীর। প্রথম টেস্ট ম্যাচ জেতানো ইনিংস খেলা জস বাটলারে সেই সঙ্গী খুঁজে নেন এই তরুণ। চা পান বিরতির পর আব্বাসকে কাভারে ঠেলে দিয়ে ১৭১ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন ক্রলি। দ্রুতই সেঞ্চুরি রূপ নেয় ১৫০ রানে।
উইকেটে ততক্ষণে থিতু বাটলারও। পাকিস্তান নতুন বল নেওয়ার আগে ফিফটি ছুঁয়ে ফেলেন তিনিও। পঞ্চম উইকেটে দুজনের জুটি ছাড়িয়ে যায় ২০০ রান। দিন শেষে ইংল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় ৪ উইকেট ৩৩২ রানে। ক্রলি খেলছেন ১৭১ রানে, বাটলার ৮৭।