লিটন দেখালেন এ উইকেটেও লড়াই করা যায়

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে লিটনের শতরানছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্রোতের বিপরীতে দাঁড়িয়েই এই ইনিংস। ধারাভাষ্যকারেরা বললেন, ‘জয় টু ওয়াচ’। আসলেই চোখের জন্য আনন্দদায়ী এক ইনিংস খেললেন আজ লিটন দাস। বিদেশের মাটিতে প্রথম শতরানটি করে ক্রাইস্টচার্চে বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিলেন তিনি।

আজ তৃতীয় দিন সকালে ফলোঅন এড়াতে নেমে প্রথম ইনিংসের মতো হুড়মুড় করে ভেঙে পড়েনি বাংলাদেশ। কিছুটা লড়াই অন্তত করতে পেরেছে। কিন্তু কোনো জুটিই থিতু হতে পারেনি। সাদমান ইসরাম, মোহাম্মদ নাঈমের উদ্বোধনী জুটি প্রতিশ্রুতি দেখিয়েছিল, কিন্তু সেটি পুরোপুরি রক্ষা করতে পারেনি। ২৭ রানের উদ্বোধনী জুটির পর বাকি জুটিগুলোও খুব বড় হতে পারেনি। সাদমান, নাঈম, নাজমুল, মুমিনুলরা নিজেদের ইনিংসের শুরুটা করেছিলেন ঠিকই, কিন্তু তার পরিণতি দিতে পারেননি।

৬৯ বলে প্রথম ফিফটি, দ্বিতীয় ফিফটি লিটন করলেন মাত্র ৩৭ বলে
ছবি: এএফপি

কিন্তু এর মধ্যেই লিটন দাস নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে পাল্টা-আক্রমণ শুরু করলেন। নুরুল হাসানকে সঙ্গে নিয়ে গড়লেন ১০২ রানের জুটি। প্রথম দিকে কিছুটা দেখেশুনে খেলার চেষ্টা করলেও পরের দিকে ওয়ানডে স্টাইলেই ব্যাট চালিয়েছেন। আর সেই শটগুলোও ছিল দেখার মতো। কয়েকটি কাভার ড্রাইভ খেলেছেন, অসাধারণ! উইকেটের চারদিকে খেলে ৬৯ বলে পেয়ে যান পঞ্চাশ। কিন্তু বাকি পঞ্চাশ করতে তিনি খেলেছেন মাত্র ৩৭ বল। বোল্ট, সাউদি, জেমিসনদের বিপক্ষে কীভাবে পাল্টা-আক্রমণ করেছেন লিটন—এ পরিসংখ্যানই তাঁর প্রমাণ।

গত ডিসেম্বরে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শতকটি পেয়েছিলেন লিটন দাস। সেটি ছিল অনেক অপেক্ষার পর। এর আগে যে দুবার নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছিলেন তিনি। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও করেন ৫৯। এরপর মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৮৬ রানে। ক্রাইস্টচার্চেও প্রথম ইনিংসে ছিলেন ব্যর্থ। তবে আজ দ্বিতীয় ইনিংসে লিটন আবারও স্বরূপে।

ক্রাইস্টচার্চে ছবির মতো এক ইনিংস খেললেন লিটন
ছবি: এএফপি

ধারাভাষ্যকারেরা বারবারই বলছিলেন তাঁর ইনিংসের সৌন্দর্যের কথা। তাঁরা প্রশংসা করেছেন লিটনের ব্যাট যে পরিস্থিতিতে হাসল, সেটি নিয়েও। অসম্ভব চাপের মুখে এমন ব্যাটিং করা যে সহজ কিছু নয়, সেটিও তাঁরা মনে করিয়ে দিয়েছেন।

লিটন আজ দেখিয়ে দিলেন ব্যাটিংটা তাঁর কাছে খুব সহজ একটি ব্যাপারই।