৪৪ দিনের টুর্নামেন্টের ৪৯টি ম্যাচ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ১৪টি শহরে
ক্রাইস্টচার্চে শুরু, মেলবোর্নে শেষ

স্থানীয়রা ভালোবেসে ডাকে ‘দ্য জি’। অস্ট্রেলিয়ান ক্রীড়ার একরকম প্রতীক হয়ে উঠেছে ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এই মাঠ। এক লাখ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ক্রিকেটের পাশাপাশি খেলা হয় ফুটবল, অস্ট্রেলিয়ান রুলস ফুটবল, রাগবি, লন বোলস ও স্কোয়াশও। বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের স্মরণীয় এক ফাইনাল হয়েছিল এখানেই। কৃত্রিম আলো, রঙিন পোশাক আর সাদা বলে সেটাই ছিল প্রথম বিশ্বকাপ। ১৯৯২ সালের ২৫ মার্চ, রূপকথা লিখে এখানে বিশ্বকাপ শিরোপা জিতেছিল পাকিস্তান। ৮৭ হাজার দর্শকের সামনে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন পাকিস্তান ক্রিকেটের রূপকথার নায়ক ইমরান খান। ২৩ বছর পর বিশ্বকাপ ফাইনাল আবার ফিরছে সেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এবার ২০১৫ সালের ২৯ মার্চ।
টুর্নামেন্ট শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ভয়াবহ এক ভূমিকম্পে কেঁপে উঠেছিল যে শহর, সেই ক্রাইস্টচার্চেই ক্রিকেটবিশ্ব কাঁপিয়ে উদ্বোধন হবে একাদশ বিশ্বকাপ ক্রিকেটের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই দিনই দিবারাত্রির ম্যাচে মেলবোর্নে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দ্বিতীয় দিনে টুর্নামেন্টের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে অ্যাডিলেডে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। ‘এ’ গ্রুপে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে তুলনামূলক সহজ ম্যাচ দিয়েই, ১৮ ফেব্রুয়ারি ক্যানবেরায় প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা কোনো দল। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ অস্ট্রেলিয়ায়, দুটি নিউজিল্যান্ডে।
২০১৫ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান হলো কাল মেলবোর্নে। ঠিক হলো গ্রুপিং, ভেন্যু ও সূচি। ১০ টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে টুর্নামেন্টে খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা চার দল। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান নিশ্চিত করে এরই মধ্যে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে আয়ারল্যান্ড। আগামী অক্টোবরে আয়ারল্যান্ডের সঙ্গী হবে দ্বিতীয় স্থানে থাকা দল। বাকি দুই দল ঠিক হবে আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ কোয়ালিফাইয়ার থেকে। ড্র অনুষ্ঠানে আইসিসির কর্তাদের সঙ্গে ছিলেন ইয়ান চ্যাপেল, ডেনিস লিলি, কপিল দেব, সনাৎ জয়াসুরিয়া, অ্যাডাম গিলক্রিস্ট ও মাইক হাসির মতো তারকারা।
৪৪ দিনের টুর্নামেন্টের ম্যাচগুলো হবে দুই দেশের ১৪টি শহরে। ১৯৯২ বিশ্বকাপে ৩৯ ম্যাচের ২৫টি হয়েছিল অস্ট্রেলিয়ায়, ১৪টি নিউজিল্যান্ডে। এবার ৪৯ ম্যাচের ২৬টি হবে অস্ট্রেলিয়ায়, ২৩টি নিউজিল্যান্ডে। তিনটি কোয়ার্টার ফাইনাল হবে অস্ট্রেলিয়ায়, একটি নিউজিল্যান্ডে। দুই গ্রুপের শীর্ষ চার দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ১৯৯২ বিশ্বকাপের মতো এবারও দুটি সেমিফাইনাল হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও অকল্যান্ডের ইডেন পার্কে।
আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের বিশ্বাস, ওয়ানডের ভিতকে আরও শক্ত করবে এই বিশ্বকাপ, ‘২৩ বছর পর বিশ্বকাপ ফিরছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি—দারুণ সফল দুটি ৫০ ওভারের টুর্নামেন্টের পর হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আমার কোনো সংশয়ই নেই যে এই টুর্নামেন্ট সফল হবে এবং ওয়ানডে ক্রিকেটের গ্রহণযোগ্যতা আরেকবার বুঝিয়ে দেবে। প্রমাণ করবে যে টেস্ট ও টি-টোয়েন্টির পাশাপাশি এই সংস্করণটাও টিকে থাকবে।’
বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড জুড়ে শুরু হয়ে গেছে বিভিন্ন স্টেডিয়ামের সংস্কারকাজ। সিডনি ক্রিকেট গ্রাউন্ড, অ্যাডিলেড, ওভাল ও ইডেন পার্কের ধারণক্ষমতা বাড়িয়ে করা হচ্ছে ৫০ হাজারের মতো। বিশ্বকাপ দিয়েই চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে ভূমিকম্প-বিধ্বস্ত ক্রাইস্টচার্চে। তবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ল্যাংকাস্টার পার্কে নয়, বিশ্বকাপের জন্য হ্যাগলি পার্কে নতুন করে গড়া হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। উদ্বোধনী ম্যাচ ছাড়া আরও তিনটি ম্যাচ হবে আবার মাথা উঁচু করে দাঁড়ানো লড়াইয়ে থাকা নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম এই শহরে।
এমনিতেই বিশ্বজুড়ে পর্যটকদের অন্যতম দুই আকর্ষণ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। বিশ্বকাপকে ঘিরে পর্যটন খাত থেকেও বিপুল আয়ের আশাবাদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাডের কণ্ঠে, ‘বিশ্বক্রীড়ার অন্যতম বড় ইভেন্ট এটি। বিশ্বজুড়ে ক্রিকেট-ভক্তদের আকর্ষণ করবে এই টুর্নামেন্ট। অস্ট্রেলিয়া ও আমাদের কাছের বন্ধু নিউজিল্যান্ডকে বিশ্বে নতুনভাবে উপস্থাপনও করবে এই টুর্নামেন্ট—বিশেষ করে, ভারত ও দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশের কাছে।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।