ক্রাউচের গোলে সিটির ভাগ্যবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিটার ক্রাউচের গোলেই যেন ভাগ্য বাধা ম্যানচেস্টার সিটির! গত মৌসুমে এই ইংলিশ স্ট্রাইকারের গোলেই বিসর্জন হয়েছিল ম্যান সিটির চ্যাম্পিয়নস লিগ-স্বপ্ন। তাঁর ওই গোলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পেয়েছে টটেনহাম হটস্পার। টটেনহাম-ম্যান সিটি ম্যাচে এবারও গোল করলেন ক্রাউচ। এবার তাঁর গোল প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ এনে দিল ম্যান সিটিকে। ম্যাচের ৩০ মিনিটে করা তাঁর গোলটি যে ছিল আত্মঘাতী! জেমস মিলনারের একটি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দিয়েছেন ক্রাউচ। টটেনহামের গত মৌসুমের নায়ক এবার ‘ট্র্যাজিক-হিরো’। সিটির বিপক্ষে জিতলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগে থাকত টটেনহাম। কিন্তু ক্রাউচের গোলটি সিটিকে ‘উপহার’ দিয়েছে ১-০ গোলের জয়। ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে সিটি। নিশ্চিত হয়ে গেছে, চার নম্বরে তারা থাকছেই। চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ খেলাও নিশ্চিত। ২ ম্যাচ এখনো হাতে আছে। ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আর্সেনালকে ছাড়িয়ে যেতে পারলেই সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে সিটি। টটেনহামের পয়েন্ট ৩৬ ম্যাচে ৫৬। ষষ্ঠ স্থানে তারা। চ্যাম্পিয়নস লিগ না হলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় থাকার সুযোগ টটেনহামের এখনো আছে। সমান ম্যাচ থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে পঞ্চম স্থানে লিভারপুল। লিভারপুলকে সরিয়ে পঞ্চমে থেকে লিগ শেষ করতে পারলেই ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা ইউরোপা লিগের প্লে-অফ খেলতে পারবে ‘স্পার’রা। ইতালিতে এসি মিলানের স্কুডেট্টো জয়ের আনন্দটা একটু ম্লান হয়ে গেল। গত শনিবার এএস রোমার সঙ্গে গোলশূন্য ড্র করে মিলান নিশ্চিত করেছে সিরি ‘আ’ শিরোপা। পরশু ইতালিয়ান কাপের সেমিফাইনালেই তাদের বিদায় হলো। পালের্মোর মাঠে গিয়ে সেমিফাইনাল দ্বিতীয় লেগে হেরে গেছে ১-২ গোলে। নিজেদের মাঠে আগের লেগে ২-২ গোলে ড্র করেছিল মিলান। এএফপি।