ক্রিকইনফোর চোখে ২০১১-এর সেরা
প্রতিকূল কন্ডিশনে দুরন্ত ফর্মে থাকা স্টেইন-মরকেলের বিপক্ষে ১৪৬—গত বছরের জানুয়ারিতে কেপটাউন টেস্টের ইনিংসটি শচীন টেন্ডুলকারকে এনে দিয়েছে ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্সের স্বীকৃতি। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির সেই ইনিংসটির জন্য বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের কৃতিত্ব পাচ্ছেন কেভিন ও’ ব্রায়েন। বর্ষসেরা টেস্ট বোলিং পারফরম্যান্স ডগ ব্রেসওয়েলের, হোবার্টে অস্ট্রেলিয়াকে হারানো বোলিং নৈপুণ্যের (৬/৪০) জন্য। পাল্লেকেলের নিষ্প্রাণ উইকেটে ৬ উইকেট (৬/৩১) নিয়ে বর্ষসেরা ওয়ানডে বোলিং মিচেল জনসনের।কোনো ব্যক্তিকে নয়, ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট প্রতিবছরই পুরস্কৃত করে বর্ষসেরা পারফরম্যান্সকে। সাবেক ক্রিকেটার ও ক্রিকইনফোর জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে গড়া ১৬ সদস্যের বিচারকমণ্ডলীর ভোটে নির্বাচিত হয়েছে এই চার পারফরম্যান্স। ছিল পাঠক ভোটের ব্যবস্থাও। পাঠকদের ভোটেও সেরা টেস্ট ইনিংস টেন্ু্ভ্রলকারেরটি, তবে সেরা ওয়ানডে ব্যাটিংয়ের স্বীকৃতি পেয়েছে শেবাগের ২১৯, সেরা টেস্ট বোলিং শ্রীলঙ্কার বিপক্ষে জুনাইদ খানের ৫/৩৮, ওয়ানডে বোলিং শ্রীলঙ্কার বিপক্ষেই শহীদ আফ্রিদির ৫/৩৫। স্ট্যাটাসগুরু অ্যাওয়ার্ডে বর্ষসেরা ব্যাটসম্যান ও বোলারও দুই পাকিস্তানি—মিসবাহ-উল-হক ও সাঈদ আজমল। ওয়েবসাইট।