ক্রিকেট অস্কার ক্লার্কের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসি বর্ষসেরা ও টেস্ট সেরা ক্রিকেটার—দুটি পুরস্কার জিতেছেন মাইকেল ক্লার্ক
আইসিসি বর্ষসেরা ও টেস্ট সেরা ক্রিকেটার—দুটি পুরস্কার জিতেছেন মাইকেল ক্লার্ক

মনোনয়নের সংক্ষিপ্ত তালিকা দেখে কেউ কেউ হয়তো ভেবেছিলেন ‘ক্রিকেট অস্কার’ অনুষ্ঠানটি বুঝি মহেন্দ্র সিং ধোনির আলোয় আলোকিত হতে যাচ্ছে। আইসিসির বর্ষসেরাদের মনোনয়ন তালিকায় যে ছিল ধোনির জয়জয়কার। কিন্তু শেষ পর্যন্ত সব আলো কেড়ে নিলেন মাইকেল ক্লার্ক। দুটো গুরুত্বপূর্ণ পুরস্কারই জিতেছেন অস্ট্রেলীয় অধিনায়ক। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন ক্লার্ক। ধোনি অবশ্য জিতেছেন অনলাইনে সমর্থকদের ভোটে জেতা পিপলস চয়েস অ্যাওয়ার্ডে।

পার্থ টেস্টে শততম ম্যাচ খেলতে নেমেছেন। ক্লার্ক ঠিক এমন সময়ই পেলেন সুসংবাদটি। স্যার গ্যারি সোবার্স ট্রফি হাতে ওঠায় নিশ্চিতভাবে অস্ট্রেলিয়ান অধিনায়কের মুখে এখন চওড়া হাসি। এক বিবৃতিতে ক্লার্ক বলেছেন, ‘সত্যি বলছি, ভীষণ অবাক হয়েছি! কারণ, এ মুহূর্তে অনেকেই দারুণ খেলছে। পুরস্কারটি পাব ভাবিনি। এটি খুবই মর্যাদাপূর্ণ ও সম্মানজনক। ভীষণ সম্মানিত বোধ করছি।’

২০১২ সালের ৭ আগস্ট থেকে এ বছরের ২৫ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে সাবেক ক্রিকেটার, সাংবাদিক, ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সমন্বয়ে তৈরি ৩২ সদস্যের নিরপেক্ষ প্যানেলের মনোনীত তালিকা থেকেই নির্বাচিত হয়েছেন আইসিসি বর্ষসেরারা। উল্লিখিত সময়ে ক্লার্কের সংগ্রহ ছিল এক হাজার ৫৫৯ রান। যা নিকট প্রতিদ্বন্দ্বী অ্যালিস্টার কুকের চেয়ে ৩০০ রান বেশি।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন কুমার সাঙ্গাকারা। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার পুরস্কারটি অবশ্য ভারতীয়দের দখলে। পেয়েছেন চেতেশ্বর পূজারা। বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স পুরস্কার উমর গুলের; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২.২-০-৬-৫ পারফরম্যান্সের কারণে। বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। এলিট প্যানেলে দুই বছর হলো জায়গা পেয়েছেন, তাতেই বর্ষসেরা আম্পায়ার হয়ে গেলেন এই ইংলিশ।

বাংলাদেশের চোখ ছিল ‘স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ডে’। পুরস্কারটির সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ফরহাদ রেজাও। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাউন্ডারি লাইনে পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদের ক্যাচ নেওয়ার পরও পা সীমানা-দড়ি স্পর্শ করায় নিজে থেকেই ছক্কার সংকেত দেওয়ার কারণে মনোনয়ন পেয়েছিলেন। পুরস্কারটি অবশ্য তাঁর হাতে ওঠেনি। উঠেছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের হাতে।

নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে দলের কঠিন পরিস্থিতিতে ৯১ রানে ব্যাটিংয়ের সময় বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসবন্দী হলে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করেই ক্রিজ ছেড়ে গিয়েছিলেন। সেই সততারই পুরস্কার পেলেন জয়বর্ধনে।