ক্রিকেট অস্কারে ধোনির জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারি সোবার্স ট্রফির জন্য ১৪ ডিসেম্বর ঘোষিত হবে কার নাম? কে-ই বা হবেন বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে খেলোয়াড়? যে-ই হোন, নাম ঘোষণার আগেই অন্তত একবার আপ্লুত হতে পারেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট অস্কারের শ্রেণীভিত্তিক মনোনয়নে যে ভারতীয় অধিনায়কের জয়জয়কার। গ্যারি সোবার্স ট্রফি ছাড়াও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনীত তালিকায় আছেন। অনলাইনে সমর্থকদের ভোটে জিতে নিয়েছেন পিপলস্ চয়েস অ্যাওয়ার্ডও। এখানেই শেষ নয়, আছেন আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলেও। দুই দলেরই উইকেটরক্ষক ধোনি আবার ওয়ানডে দলের অধিনায়কও।
গ্যারি সোবার্স ট্রফির জন্য ধোনির প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও অ্যালিস্টার কুক এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। প্রথম তিনজন পেয়েছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়নও।
বাংলাদেশেরও এক ক্রিকেটারও পেয়েছেন মনোনয়ন। তবে ব্যাটে-বলে পারফরম্যান্সের কারণে নয়, বাংলাদেশের ফরহাদ রেজার নাম আছে ক্রিকেটের চেতনা ওপরে তুলে ধরার জন্য। স্পিরিট অব ক্রিকেট পুরস্কারটির জন্যও অবশ্য প্রতিদ্বন্দ্বিতা আছে। ফরহাদের প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে।
২০১২ সালের ৭ আগস্ট থেকে এ বছরের ২৫ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে সাবেক ক্রিকেটার, সাংবাদিক, ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সমন্বয়ে তৈরি ৩২ সদস্যের নিরপেক্ষ প্যানেলের মনোনীত এই তালিকা থেকেই নির্বাচিত হবেন বর্ষসেরারা। যেটি ঘোষণা করা হবে একটি টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে। এএফপি।
সংক্ষিপ্ত তালিকায় যাঁরা
বর্ষসেরা ক্রিকেটার
হাশিম আমলা, জেমস অ্যান্ডারসন, মাইকেল ক্লার্ক, অ্যালিস্টার কুক, মহেন্দ্র সিং ধোনি, কুমার সাঙ্গাকারা ।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার
হাশিম আমলা, জেমস অ্যান্ডারসন, রবিচন্দ্রন অশ্বিন, মাইকেল ক্লার্ক, চেতেশ্বর পুজারা, ডেল স্টেইন।
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার
সাঈদ আজমল, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, মিসবাহ-উল-হক, রবীন্দ্র জাদেজা, কুমার সাঙ্গাকারা।
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার
ট্রেন্ট বোল্ট, চেতেশ্বর পুজারা, জো রুট, মিচেল স্টার্ক।
বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স
উমর গুল ২.২-০-৬-৫, বিপক্ষ দক্ষিণ আফ্রিকা; মার্টিন গাপটিল ৬৯ বলে ১০১*, বিপক্ষ দক্ষিণ আফ্রিকা; ব্রেন্ডন ম্যাককালাম ৫৩ বলে ১২৩, বিপক্ষ বাংলাদেশ; অজন্তা মেন্ডিস ৪-২-৮-৬, বিপক্ষ জিম্বাবুয়ে।
স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড
মাহেলা জয়াবর্ধনে—নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে ৯১ রানে ব্যাটিংয়ের সময় বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসবন্দী হলে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করেই ক্রিজ ছেড়ে যাওয়া। ফরহাদ রেজা—শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাউন্ডারি লাইনে পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদের ক্যাচ নেওয়ার পরও পা সীমানা-দড়ি স্পর্শ করায় ছক্কার সংকেত দেওয়া।
পিপলস চয়েস অ্যাওয়ার্ড বিজয়ী
মহেন্দ্র সিং ধোনি।
বর্ষসেরা টেস্ট দল
অ্যালিস্টার কুক (অধিনায়ক), চেতেশ্বর পুজারা, হাশিম আমলা, মাইকেল ক্লার্ক, মাইক হাসি, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), গ্রায়েম সোয়ান, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন, ভারনন ফিল্যান্ডার। দ্বাদশ খেলোয়াড়: রবিচন্দ্রন অশ্বিন।
বর্ষসেরা ওয়ানডে দল
তিলকরত্নে দিলশান, শিখর ধাওয়ান, হাশিম আমলা, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, সাঈদ আজমল, মিচেল স্টার্ক, জেমস অ্যান্ডারসন, লাসিথ মালিঙ্গা। দ্বাদশ খেলোয়াড়: মিচেল ম্যাকলেনাহান।