ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রশংসায় আত্মবিশ্বাসী বিসিবি
দেশের করোনা পরিস্থিতির অবনতির মধ্যেই অস্ট্রেলিয়া সিরিজটা বেশ সফলভাবে আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনার ঝুঁকি এড়াতে অস্ট্রেলিয়ার যা যা দাবি ছিল, পূরণ করা হয়েছিল সবই। এবার সামনে নিউজিল্যান্ড–চ্যালেঞ্জ। পাঁচ টি–টোয়েন্টির সিরিজ খেলতে তারা বাংলাদেশে আসবে ২৪ আগস্ট। অস্ট্রেলিয়ার মতো অত কঠোর শর্ত না থাকলেও নিউজিল্যান্ড দলের স্বাস্থ্য নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা থাকবে বিসিবির।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলছিলেন, ‘যেহেতু পরপর দুটি সিরিজ হচ্ছে, সেহেতু নিউজিল্যান্ডও অস্ট্রেলিয়ার মতো সুযোগ–সুবিধা চাইবে। আমাদেরও চেষ্টা থাকবে যতটুকু সম্ভব, সেসব নিশ্চিত করা। স্বাস্থ্য নিরাপত্তা প্রসঙ্গে কিন্তু শুধু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা বিদেশি দলগুলোর জন্য নয়। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ও আছে।’
অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসেছিল ভাড়া করা বিমানে। বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বিমানবন্দরের ভেতর থেকেই বাসে উঠে হোটেলে চলে যায় তারা। নিউজিল্যান্ড দল অবশ্য ভাড়া করা বিমানে আসছে না। তারা আসবে সাধারণ ফ্লাইটে। তবে নিউজিল্যান্ড সিরিজের করোনাবিধিও অনেকটা অস্ট্রেলিয়া সিরিজের মতোই থাকবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ক্রিকেটারদের করোনার ঝুঁকিমুক্ত রাখতে নেওয়া বিভিন্ন ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করায় এ ব্যাপারে বিসিবির আত্মবিশ্বাস আরও বেড়েছে। নিউজিল্যান্ড সিরিজটাও তাই সফলভাবে আয়োজনের ব্যাপারে আশাবাদী তারা। ‘ওরা (ক্রিকেট অস্ট্রেলিয়া) বেশ সন্তোষ প্রকাশ করেছে। আমার মনে হয়, তারা প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছে। আমরা যে এ রকম জৈব সুরক্ষাবলয় তৈরি করতে পারব, তাদের চাহিদা অনুসারে প্রতিটি বিষয় নিশ্চিত করতে পারব, তারা হয়তো এতটা আশা করেনি,’ বলেছেন নিজাম উদ্দিন চৌধুরী।
আন্তর্জাতিক ক্রিকেট চললেও করোনার মধ্যে এত দিন বন্ধই ছিল ‘এ’ দল ও হাই পারফরম্যান্স বিভাগের কার্যক্রম। এবার সেসবও আবার শুরু করতে যাচ্ছে বিসিবি। ১৪ আগস্ট থেকে মিরপুরে ‘এ’ দল ও হাই পারফরম্যান্স দলের ক্যাম্প শুরু হবে। দুই দলের মধ্যে ৫০ ওভার ও চার দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। খেলাগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওদিকে এ মাসের শেষে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিলেটে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ৫টি ৫০ ওভারের ম্যাচ ও একটি চার দিনের ম্যাচ খেলবে তারা। বিসিবি প্রধান নির্বাহী আভাস দিয়েছেন মেয়েদের ক্রিকেট মাঠে ফেরানোরও, ‘আশা করছি, এই মাসের মধ্যেই বেশ কিছু কার্যক্রম শুরু হয়ে যাবে। যুব দল, মেয়েদের ক্রিকেট, গেম ডেভেলপমেন্ট ও এইচপির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।’