ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘ওয়াটসন রক্ষা’ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে তিনি সম্ভবত অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় রত্ন। তাঁর জন্য বিশেষ পরিচর্যার ব্যবস্থা তো করতেই হবে! চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটের মাঝপথেই তাই শেন ওয়াটসনকে দেশে ফিরে আসতে বলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ, সামনে অস্ট্রেলিয়ার ব্যস্ত মৌসুম। অতিরিক্ত ক্রিকেটে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ‘ফুরিয়ে’ যাওয়ার ভয় থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্ত। তিন ধরনের ক্রিকেটেই অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা গুটি কয়েক ক্রিকেটারের একজন তিনি। তিনি ‘হটকেক’ বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতেও। অস্ট্রেলিয়ার সবচেয়ে ব্যস্ত ক্রিকেটার সম্ভবত তিনিই। সমস্যা হলো, সবচেয়ে চোটপ্রবণ ক্রিকেটারও। চোটের সঙ্গে নিত্য বসবাস তো ক্যারিয়ারের শুরু থেকেই। সর্বশেষ স্মৃতিটা তরতাজাই। অতিরিক্ত ক্রিকেটের চাপে গত নভেম্বরেই ভেঙে পড়েছিলেন। দেশের মাটিতে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজসহ বাইরে ছিলেন গত গ্রীষ্মের পুরোটাই। ওই অভিজ্ঞতাই আরও সতর্ক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।ওয়াটসন ছাড়াও প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, বেন হিলফেনহস, মাইক হাসির মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্ভাব্য টেস্ট দলের আরও কয়েকজন খেলছেন চ্যাম্পিয়নস লিগে। তবে অলরাউন্ডার বলে ওয়াটসনের বাড়তি ধকল আর চোটের ইতিহাসের কারণেই ওয়াটসনের জন্য বিশেষ ব্যবস্থা। সিডনি সিক্সার্সের হয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ৩০ বলে ৪৬ রান করার পাশাপাশি ১ উইকেট নিয়েছেন ওয়াটসন। টুর্নামেন্টে খেলবেন আরও দুটি ম্যাচ। গ্রুপ পর্বে সিক্সার্সের শেষ ম্যাচের আগে ফিরবেন দেশে। কয়েক দিন বিশ্রামে কাটানোর পর প্রস্তুতি নেবেন দীর্ঘ মেয়াদের ক্রিকেটকে মাথায় রেখে। সিডনিতে লিগ ও গ্রেড ক্রিকেটে খেলবেন, নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলবেন একটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ট্যুর ম্যাচেও খেলতে পারেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে। ব্রিসবেনে প্রথম টেস্ট শুরু ৯ নভেম্বর।কাল আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেট মৌসুমের শুরু হলো সিডনিতে। ওখানেই বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানালেন ওয়াটসনকে দেশে ডেকে পাঠানোর খবর। এএফপি, ওয়েবসাইট।