ক্রিকেট-ঈশ্বরের বিদায়ের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ইনিংস খেলে ফিরলেন শচীন টেন্ডুলকার। ফাইল ছবি
শেষ ইনিংস খেলে ফিরলেন শচীন টেন্ডুলকার। ফাইল ছবি

বিস্ময়কর প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ার অ্যাশেজ পুনরুদ্ধার, অননুমেয় পাকিস্তানের প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ জয়, ইংল্যান্ডকে হারিয়ে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা আর রূপকথা লিখে আফগানিস্তানের বিশ্বকাপে জায়গা করে নেওয়া। এ বছরের বিশ্ব ক্রিকেটে দলগত সাফল্যের টুকরো টুকরো ছবি।

ক্যামেরার লেন্সে জুম করে এ ছবিগুলো আরও কাছে নিয়ে এলে দেখা যাবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও টেস্ট ক্রিকেটারের খেতাব জেতা মাইকেল ক্লার্ককে, খুঁজে পাওয়া যাবে জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড জুটির দুর্দান্ত পারফরম্যান্স, শেষ দিকে মিচেল জনসনের দানবীয় রূপ, ব্যাট হাতে মিসবাহ-উল-হক আর বল হাতে সাঈদ আজমলের ধারাবাহিক পারফরম্যান্স, টি-টোয়েন্টিতে এ বছর অ্যারন ফিঞ্চের একমাত্র সেঞ্চুরি এবং ওয়ানডে তৃতীয় ডাবল সেঞ্চুরি করা রোহিত শর্মাকেও।

এসব টুকরো ছবির ওপরে সবচেয়ে বড় যে ছবিটা টাঙানো সেটার শিরোনাম দিতে আপনাকে ফিরে যেতে হবে ১৬ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটা প্ল্যাকার্ডের কাছে—‘আজ ঈশ্বর বিদায় নিলেন। এখন থেকে শুধু মানুষেরাই ক্রিকেট খেলবে!’

বড় সেই ছবিটা শচীন টেন্ডুলকারের। ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটানোর পর গত মাসে চিরদিনের মতো ব্যাট-প্যাড তুলে রেখেছেন ক্রিকেট-ঈশ্বর। ক্লার্ক, জনসন, মিসবাহ, রোহিতরা যা-ই করুন তাঁরা শেষ পর্যন্ত সাধারণ মানুষ, টেন্ডুলকারের মতো অতিমানব নন। সবকিছুর পরে এ বছরটা তাই ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে ক্রিকেট-ঈশ্বরের বিদায়ের বছর হিসেবে!

টেন্ডুলকারের মতোই বিদায় নিতে যাচ্ছেন আরও এক কিংবদন্তি জ্যাক ক্যালিস, ডারবানে ভারতের বিপক্ষে চলমান টেস্টটাকেই নিজেই ক্যারিয়ারের শেষ টেস্ট বলে ঘোষণা দিয়েছেন তিনি। যদিও টেস্ট ছেড়ে দিলেও ওয়ানডে ক্রিকেট খেলে যাবেন ক্যালিস। এ বছর বিদায় রাগিণী বেজেছে ‘মিস্টার ক্রিকেট’ মাইক হাসি, টেস্টে ৩৬ বার শূন্য রান করা নিউজিল্যান্ড পেসার ক্রিস মার্টিন এবং চলতি অ্যাশেজের মাঝেই হঠাৎ করে ক্রিকেট ছেড়ে দেওয়া গ্রায়েম সোয়ানের জন্যও। তবে সে বিদায়ের কোনোটিই মাস্টার ব্লাস্টারের বিদায়ের মতো এত আবেগঘন, এত রাজকীয় ছিল না।

পরিসংখ্যানে এ বছর টেস্টে সফল ব্যাটসম্যান মাইকেল ক্লার্কের (১০৯৩ রান) কাছাকাছি আছেন ইংল্যান্ডের ইয়ান বেল। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানো সিরিজে তিন সেঞ্চুরিসহ এ বছর তাঁর মোট রান ১০০৫, ক্লার্কের পর দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে শীর্ষ দুই ব্যাটসম্যানের জায়গাটা দুই পাকিস্তানি ব্যাটসম্যান মিসবাহ-উল-হক (১৩৭৩ রান) ও মোহাম্মদ হাফিজের (১৩০১)। ব্যাটসম্যানদের মতো শীর্ষ দুই বোলারের জায়গাটাও দুই পাকিস্তানি—সাঈদ আজমল (৬২ উইকেট) ও জুনাইদ খানের (৫২)। চলতি অ্যাশেজ সিরিজ
হয়তো অন্য সাক্ষ্য দিবে, কিন্তু এ বছর টেস্টে গতকাল পর্যন্ত সবচেয়ে সফল দুই বোলার ব্রড (৬২ উইকেট) ও অ্যান্ডারসন (৫২)।

সাফল্যের উচ্ছ্বাস, বিদায়ের অশ্রুর পাশাপাশি এ বছর কিছু কলঙ্কের কালিমাও ছুঁয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটকে। আইপিএলে ম্যাচ পাতানোয় জড়িত থাকায় অভিযুক্ত হয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার, এঁদের মধ্যে আজীবন নিষেধাজ্ঞা পেয়েছেন ভারতীয় পেসার শ্রীশান্ত। কলঙ্কিত এই অধ্যায়ের স্মৃতি পুরোনো হওয়ার আগেই জানা গেছে ম্যাচ পাতানোর সন্দেহে তদন্ত হচ্ছে তিন কিউই ক্রিকেটার ক্রিস কেয়ার্নস, লু ভিনসেন্ট আর ড্যারিল টাফির বিরুদ্ধেও। কেয়ার্নস-টাফিরা জোর গলায় বলছেন—তাঁরা জড়িত ছিলেন না। নতুন বছরে হয়তো ক্রিকেটপ্রেমীদেরও চাওয়া এ যেন শুধু ‘সন্দেহ’ হয়েই থাকে, সত্যি না হয়!